ব্যবসায়ীদের তোপের মুখে ভ্রাম্যমাণ আদালত বন্ধ
রাজশাহীর বাগমারার তাহেরপুর বাজারে গতকাল শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নামে হয়রানির অভিযোগে বাজারের ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় ব্যবসায়ীরা এক ঘণ্টা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন। পরে ব্যবসায়ীদের তোপের মুখে আদালতের কার্যক্রম বন্ধ করা হয়।
প্রত্যক্ষদর্শী সাত-আটজন বলেন, শনিবার সকালে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের নেতৃত্বে তাহেরপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বেলা ১১টার দিকে ইউএনও তরিকুল ইসলাম বাজারের সাইকেল মেকার জালাল উদ্দিনের কাছ থেকে ফুটপাতে দোকান বসানোর অভিযোগে ২০০ টাকা জরিমানা আদায় করেন। একই সময়ে বাজারের আরও ছয়জন ব্যবসায়ীর কাছ থেকে ভেজাল পণ্য রাখা ও বিক্রির অভিযোগে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় বাজারের অন্য ব্যবসাপ্রতিষ্ঠানে ভেজাল দ্রব্যাদি রাখার অভিযোগে অভিযান শুরু করলে ও ব্যবসায়ীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুরু করলে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে ব্যবসায়ীরা সংগঠিত হয়ে পিঁয়াজহাটা এলাকা থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি হরিতলা মোড়ে এসে আদালতের সামনে পৌঁছালে নির্বাহী হাকিম আদালতের কার্যক্রম বন্ধ করে চলে যান। পরে হয়রানির প্রতিবাদে বাজারের তিন শতাধিক ব্যবসায়ী বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখেন।
বাজারের ব্যবসায়ী খলিলুর রহমান বলেন, ঈদের আগে ভ্রাম্যমাণ আদালতের নামে বাজারের খুদে ব্যবসায়ীদের হয়রানি করা
হচ্ছিল। ব্যবসায়ীদের কোনো কথা না শুনে গণহারে জরিমানা আদায় শুরু করলে ব্যবসায়ীরা এর প্রতিবাদ করেন।
তবে ইউএনও তরিকুল ইসলাম ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিধি মোতাবেক জরিমানা করা হয়েছে।’