ব্যবসায়ীদের দাবি নোটিশ না দিয়ে উচ্ছেদে ক্ষতি দেড় শ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোটিশ না দিয়ে চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে ১২টি দোকান উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা। গতকাল শনিবার বিকেলে জিইসি মোড়ে মানববন্ধন এবং পরে ‘ব্লুসম গার্ডেন কর্তৃপক্ষ’-এর ব্যানারে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়।
ব্যবসায়ীরা দাবি করেন, কোনো ধরনের নোটিশ না দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় দেড় শ কোটি টাকার ক্ষতি হয়েছে।
গত শুক্রবার সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) জিইসি মোড় এলাকায় পাহাড়ের পাদদেশে অনুমোদনহীনভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এ সময় একটি দ্বিতল বিপণিবিতানের নিচতলার ১২টি দোকানের সামনের অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
সংবাদ সম্মেলনে বিপণিবিতানের মালিক সৈয়দ জিয়াদ রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী শফিউল করিম। এই সময় সৈয়দ জিয়াদ রহমানও উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সিডিএ কর্তৃপক্ষ জোর করে এসব দোকান উচ্ছেদ করেছে। এতে প্রায় দেড় শ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়।
উচ্ছেদ হওয়া ব্যবসায়ী নাজিম উদ্দিন অভিযোগ করেন, ‘সিডিএর কাছ থেকে আমরা দুদিন সময় চেয়েছিলাম। কিন্তু তা না দিয়ে তারা দোকান উচ্ছেদ করে।’ আরেক ব্যবসায়ী বিকাশ ঘোষ দাবি করেন, দোকান উচ্ছেদে সিডিএ আদালতের আদেশের কথা বললেও তার পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। শুক্রবার সকালে হঠাৎ করে দোকান ভাঙা শুরু করে।
তবে ব্যবসায়ীদের অভিযোগ প্রসঙ্গে সিডিএর উপপ্রধান নগর পরিকল্পনাবিদ শাহীন উল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘তাঁদের (ব্যবসায়ী) মালামাল যাতে নষ্ট না হয়, সে ব্যাপারে আমরা সচেতন ছিলাম। ব্যবসায়ীদের মালামাল বের করার সুযোগ দিয়েছি।’ নোটিশ না দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা আদালতের রায় পেয়েছি। এটি অবৈধ স্থাপনা হওয়ায় নোটিশ দেওয়ার কিছুই নেই।’