ব্যবসায়ীদের ধর্মঘট পালন, আজ মানববন্ধন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী রানা আহম্মদকে (৪২) গুলি করার ঘটনায় ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেছেন। উপজেলার জামালগঞ্জ বাজারের ব্যবসায়ীরা গতকাল বুধবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে ওই ঘটনার প্রতিবাদ জানান। বাজারের ব্যবসায়ীরা দুপুরে জিএসসি মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন।
ওই প্রতিবাদ সমাবেশ থেকে আগামী শুক্রবারের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারে স্থানীয় পুলিশ প্রশাসনকে সময় বেঁধে দেওয়া হয়। অন্যথায় পরদিন শনিবার বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে তাঁরা ঘোষণা দেন। একই দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করবেন।
সমাবেশে বক্তব্য দেন জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল হাকিম মণ্ডল, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অবসর চৌধুরী, ব্যবসায়ী নেতা জিয়াউল হক, আমিনুল হক, রুকিন্দীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ব্যবসায়ী আহসান কবির, মাজারুল ইসলাম প্রমুখ৷
ব্যবসায়ী আহসান কবির অভিযোগ করে বলেন, রানা আহম্মদকে দিনদুপুরে তাঁর বাসার সামনে থেকে ডেকে নিয়ে তাঁর দুই পায়ে গুলি করেছে। পুলিশ প্রাথমিক তদন্তে সোহাগ ও সজীব নামে দুই ব্যক্তির ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পেয়েছে। অথচ পুলিশ তাদের এখনো গ্রেপ্তারের চেষ্টা চালায়নি। এ ঘটনায় এখানকার ব্যবসায়ীরা ক্ষুব্ধ। সন্ত্রাসীরা আগামী শুক্রবারের মধ্যে গ্রেপ্তার না হলে পরদিন শনিবার বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) কিরণ কুমার রায় বলেন, রানা আহম্মদকে গুলি করার ঘটনায় এখনো কেউ মামলা করেনি। ওই ঘটনার মূল হোতা সোহাগকে আটকের চেষ্টা করা হচ্ছে।
সন্ত্রাসীরা গত সোমবার দুপুরে রানা আহম্মদকে তাঁর বাসা থেকে ডেকে নিয়ে দুই পায়ে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে সেখান থেকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে ঢাকা অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।