ব্যবসায়ীদের ধর্মঘটে পানচাষিরা বিপাকে
দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পানের হাট টরকী বন্দর পান ব্যবসায়ী সমিতি চার দিন ধরে ধর্মঘটে থাকায় পান নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। গতকাল মঙ্গলবার হাটের দিন পান বিক্রি করতে না পারায় ক্ষুদ্র ব্যবসায়ী ও পানচাষি পরিবারের সদস্যদের ঈদ আনন্দ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।টরকী বন্দর পান ব্যবসায়ী সমিতির সভাপতি হাকিম খান জানান, ২০ আগস্ট রাত আটটায় পান পরিবহনের জন্য একটি ট্রাক টরকী বন্দর ট্রাকস্ট্যান্ডে প্রবেশ করে। এ সময় অসাবধানতাবশত ট্রাকের সঙ্গে বেঁধে ডিশ লাইনের তার ছিঁড়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান খান এবং তাঁর সহযোগী কাজী মিজান ট্রাকচালক ইলিয়াস হোসেনকে মারধর করেন। ইলিয়াসকে রক্ষার জন্য টরকী বন্দর পান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লিটন মৃধা এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে রোববার থেকে ধর্মঘট শুরু করে পান ব্যবসায়ী সমিতি। গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, পান হাটে ইজারাদারের লোকজন ও পানচাষিরা পান নিয়ে বসে আছেন। কিন্তু কোনো ক্রেতা নেই। আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকসী গ্রামের কাজী মোক্তার হোসেন বলেন, ‘ব্যবসায়ীরা পান না কেনায় মোরা পান লইয়া বিপদে পড়ছি। পান বেইচ্চা পোলা মাইয়ার লাইগ্যা জামা-কাপড় কিনমু, কিন্তু পান বেচতে না পারায় হেইয়া আর কেনতে পারলাম না।’ পৌর কাউন্সিলর ও যুবলীগের নেতা মো. খায়রুল আহসান খান বলেন, ভুল বোঝাবুঝি ও বাগিবতণ্ডা হয়েছিল। তবে হামলার অভিযোগ সঠিক নয়। এ তুচ্ছ ঘটনা নিয়ে ধর্মঘট আহ্বান ঠিক হয়নি।