ব্যবসায়ীদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ব্যবসায়ীদের বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হবে। ওই কমিটির সঙ্গে প্রতি মাসে একটি বৈঠক করবেন তিনি।
শপথ গ্রহণের পরদিন আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে তোফায়েল সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ব্যবসা করবেন। সরকার তাঁদের সেই পরিবেশ তৈরি করে দেবে।
বাণিজ্যমন্ত্রী জানান, চলতি মাসের ১৬ থেকে ১৮ তারিখ পর্যন্ত ভারতে তিন দিনব্যাপী অনুষ্ঠেয় এক সম্মেলনে তিনি যোগ দেবেন। ভারত থেকে এ ব্যাপারে নিমন্ত্রণ পেয়েছেন তিনি। এরই মধ্যে প্রধানমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে।
তোফায়েল আহমেদ বলেন, একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র যেহেতু বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক, তাই সবার আগে বাংলাদেশের জন্য বাতিল হওয়া জিএসপি (অগ্রাধিকারমূলক বাণিজ্যিক সুবিধা) ফিরে পাওয়ার ব্যাপারে তিনি চেষ্টা করবেন।
দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সক্রিয় করার ব্যাপারেও বাণিজ্যমন্ত্রী উদ্যোগ নেবেন বলে জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার আওয়ামী লীগের সদস্যরা আজ সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, হরতাল-অবরোধ প্রত্যাহার করায় বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা বুঝতে পেরেছে সহিংসতা-নৈরাজ্য করে কখনো রাজনীতি হয় না।
বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ আছে কি না—জানতে চাইলে এই নেতা বলেন, ‘অবশ্যই আলোচনার সুযোগ আছে। তবে তার আগে, সহিংসতা ও নৈরাজ্য বন্ধ করতে হবে।’ তিনি বলেন, ‘গত সরকারের অসমাপ্ত কাজ সমাপ্ত করাই এ সরকারের চ্যালেঞ্জ। আশা করি, আমরা সে চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তোফায়েল বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় অনেক দেশই বাংলাদেশকে সমর্থন করেনি। তার পরও বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবারও সরকার গঠনের পর কেউ কেউ সমর্থন করেনি। বাঙালি বীরের জাতি, আমরা সামনে এগিয়ে যাব।’