কুমিল্লা টাউন হল মাঠে কথিত তাঁতমেলা আয়োজনের প্রতিবাদে গতকাল শনিবার দুই ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা দোকান মালিক সমিতি। সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত ওই কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।
এ সময় তাঁরা সড়কের পাশে নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে কান্দিরপাড় সাত্তার খান কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করেন তাঁরা। কুমিল্লা জেলা দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হকের সভাপতিত্বে ওই সমাবেশ হয়। এতে বক্তব্য দেন কুমিল্লা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ, ব্যবসায়ী শহীদুল্লাহ প্রমুখ।
সমাবেশে আতিক উল্লাহ বলেন, কয়েক বছর ধরে ঈদ উপলক্ষে ও এই মৌসুমকে সামনে রেখে একশ্রেণির ভুয়া ব্যবসায়ী তাঁতমেলার নামে মেয়াদোত্তীর্ণ এবং মানহীন পণ্যের পসরা সাজিয়ে কুমিল্লা টাউন হল মাঠে মেলা করে আসছেন। এতে ব্যবসায়ীদের সুনাম নষ্ট হচ্ছে। আগামী সোমবার ব্যবসায়ীরা মিছিল নিয়ে মেলা বন্ধ রাখার জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবেন।
কুমিল্লা টাউন হলের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর বলেন, ‘বেশ কয়েক বছর ধরে এ মেলা হয়ে আসছে। এতে টাউন হল মাঠ ভাড়া দিয়ে আয় করছে। ওই টাকা দিয়ে টাউন হলের কর্মচারীদের বেতন ও বিদ্যুৎ বিলের বড় একটা অংশ মেটানো হচ্ছে।’