ব্যবসায়ীদের প্রতিযোগিতায় লাভবান সিটি করপোরেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ছয়টি অস্থায়ী পশুর হাট ইজারা নিতে মরিয়া ইজারাদারেরা। ব্যবসায়ীদের পাশাপাশি সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও রাজনৈতিক কর্মীরাও আছেন ইজারাদারদের তালিকায়। এই প্রতিযোগিতার কারণে আর্থিকভাবে লাভবান হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। চার বছরের ব্যবধানে অস্থায়ী পশুর হাট থেকে করপোরেশনের আয় বেড়েছে প্রায় এক কোটি টাকা।
সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্র জানায়, ২০১১ সালে পাঁচটি অস্থায়ী হাট থেকে করপোরেশনের আয় হয়েছিল এক কোটি ৫৮ লাখ টাকা। চলতি বছরে পাঁচটি হাট থেকে আয় হবে দুই কোটি ৫১ লাখ পাঁচ হাজার ৭৭৭ টাকা। গত বছর আয় হয়েছিল দুই কোটি দুই লাখ ৩৫ হাজার ৭৭৪ টাকা।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের ছয়টি অস্থায়ী হাটের জন্য এবার দরপত্র ফরম বিক্রি হয়েছিল ৮৬টি। এর মধ্যে পোস্তারপাড় স্কুল মাঠের ছাগলের বাজারের জন্য ৪৯টি ফরম বিক্রি হয়। তবে গতকাল বুধবার দরপত্র জমা দেওয়ার শেষ দিনে এই হাটের জন্য কোনো ফরম জমা পড়েনি। আজ বৃহস্পতিবার সর্বোচ্চ দরদাতাদের ইজারা দেওয়া হবে বলে জানিয়েছেন করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে এবার অবৈধ ও ইজারাবিহীন পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছে করপোরেশন। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক হাটগুলো উচ্ছেদ করা হবে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ প্রথম আলোকে বলেন, সর্বোচ্চ দরদাতাদেরই হাটের ইজারা দেওয়া হবে। ইতিমধ্যে ইজারা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগরের অবৈধ হাট বসলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হবে।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের কর্ণফুলী বাজারের জন্য ব্যবসায়ী আবদুর রহিম সর্বোচ্চ এক কোটি ৬১ লাখ ৭৭৭ টাকা দর দিয়েছেন। সল্টগোলা রেল ক্রসিং বাজারের জন্য গতবারের তুলনায় পাঁচ গুণ বেশি দর দিয়েছেন এক ইজারাদার। সর্বোচ্চ ২৯ লাখ ৪১ হাজার টাকা দরদাতা হলেন স্থানীয় আওয়ামী লীগের কর্মী মোজাম্মেল হক চৌধুরী। গত বছর পাঁচ লাখ ১০ হাজার ৯৯৯ টাকায় এই বাজার ইজারা দেওয়া হয়েছিল।
নগরের স্টিল মিল বাজারের জন্য মোহাম্মদ ইকবাল নামের এক ব্যবসায়ী দর দিয়েছেন ৪৯ লাখ ২০ হাজার টাকা। পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় মাঠের ইজারা নিতে সাবেক ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিন ১০ লাখ ১১ হাজার টাকা দর দিয়েছেন। ব্যবসায়ী শামসুদ্দিন আহমেদ নগরের কমল মহাজন হাটের ইজারা নিতে দর দিয়েছেন এক লাখ ৩৩ হাজার টাকা।
এর বাইরে নগরের স্থায়ী দুই পশুর হাট সাগরিকা গরুর বাজার ও বিবিরহাট গত এপ্রিলে ইজারা দেওয়া হয়েছিল যথাক্রমে ছয় কোটি ৭৫ লাখ টাকা ও দুই কোটি ৪৫ লাখ টাকায়।
সল্টগোলা রেলক্রসিং বাজারের ইজারাদারদের একজন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘লোকসান হবেও জেনে গতবারের তুলনায় পাঁচ গুণ বেশি দর দিয়েছি। সবাই মিলে যাতে হাটের ইজারা পায়, এ জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সমঝোতার চেষ্টা করেছিলেন। কিন্তু কয়েকজন রাজি হননি। তাই জেদাজেদি ও ব্যবসায়িক প্রতিযোগিতার কারণে এবার দর বেশি উঠেছে।’