ব্যবসায়ীদের প্রাধান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ব্যবসায়ীদের প্রাধান্য থাকছে। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন গৃহিণী। হাতে গোনা কয়েকজন আইনজীবী ও শিক্ষক আছেন এ দৌড়ে। সার্বক্ষণিক রাজনীতিবিদ হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন মাত্র একজন প্রার্থী।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া নারী কাউন্সিলর প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, ২৮ এপ্রিলের নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে দুই সিটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫৭ জন। এঁদের মধ্যে ৮৪ জন ব্যবসায়ী। গৃহিণী ৬৮, সমাজকর্মী ১২, আইনজীবী ১১, শিক্ষক ৬ জন। এর বাইরে আছেন বেসরকারি চাকরিজীবী, ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপনা পরিচালক, আবাসনপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক, অনলাইন সংবাদমাধ্যম ও স্টুডিওর মালিক। আরও আছেন দোকান, টিনশেড ও পাকা বাড়ি এবং বাণিজ্যিক ভবনের মালিক।
সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থীদের ১৯ জন হালফ্যাশনের জামাকাপড় তৈরি ও বিপণন ব্যবসা এবং বিউটি পারলারের ব্যবসা করেন। এ ছাড়া বালু ভরাট, কাঁচা রাবার ও প্রক্রিয়াজাত রাবারের কেনাবেচা, লোহালক্কড়, সিএনজিচালিত অটোরিকশা ভাড়ায় চালানো ও যন্ত্রাংশ বিক্রি, বৈদ্যুতিক যন্ত্রপাতি, দালালি, ‘কমিশন’ ব্যবসা, ঠিকাদারি, শেয়ার ব্যবসা, মালামাল সরবরাহ, মজুত ব্যবসা, ফাস্টফুড, মৌসুমি ফলের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অনেকে।
জাতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণের হার কম। সিটি করপোরেশন নির্বাচনেও একই রকম চিত্র পাওয়া গেল।
জানতে চাইলে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলছিলেন, দলের কেন্দ্রীয় কমিটি মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে ত্যাগী-নিষ্ঠাবান কর্মীদের সমর্থন দিয়েছে। তবে দলীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা দক্ষিণে সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন পাওয়া প্রার্থীদের ১০ জন গৃহিণী, ৬ জন ব্যবসায়ী এবং ১ জন শিক্ষক। উত্তরে সমর্থন পাওয়া ছয়জনের তিনজন ব্যবসায়ী ও তিনজন গৃহিণী।
দুই সিটিতে বিএনপি আনুষ্ঠানিকভাবে ২৯ জনকে সমর্থন দিয়েছে। এঁদের মধ্যেও সার্বক্ষণিক কোনো রাজনীতিক নেই। তাঁদের মধ্যে রয়েছেন গৃহিণী, আইনজীবী, বিভিন্ন ধরনের ব্যবসায়ী ও ভবনমালিক।
একমাত্র ব্যতিক্রমী প্রার্থী শম্পা বসু। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পুরকৌশলে স্নাতক। তিনি বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সদস্য। সার্বক্ষণিক রাজনীতিতে যুক্ত বলে হলফনামায় উল্লেখ করেছেন তিনি। নির্বাচনী খরচ মেটাতে তিনি টিউশনির টাকা ও আত্মীয়/অনাত্মীয়র কাছ থেকে টাকা নেবেন। দলের গণচাঁদা থেকে শম্পা ৫০ হাজার টাকা পাবেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। ঢাকা দক্ষিণের সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী তিনি।
শম্পা বসু প্রথম আলোকে বলেন, তিনি দীর্ঘদিন ধরে নারীদের অধিকার আদায়ে কাজ করছেন। প্রশাসনের অংশ হয়ে সমস্যা সমাধান করা সহজ হবে বলে তিনি বিশ্বাস করেন। সে জন্য নির্বাচন করছেন।
দুই সিটিতে নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৫২ জন সাক্ষরজ্ঞানসম্পন্ন বা স্বশিক্ষিত, ৩১ জন স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। বাকিদের লেখাপড়া পঞ্চম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পর্যন্ত।
প্রার্থীদের মধ্যে তরুণ ২৫ বছর বয়সী রোজী জয়িতা। রোজী পেশায় ব্যবসায়ী এবং সরকারি অনুদানে চলা একটি এনজিওর প্রধান। প্রথম আলোকে রোজী বলেছেন, জনসেবা করতে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানান। তিনি ঢাকা উত্তরে ১১ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করছেন।
নারী প্রার্থীদের মধ্যে যাঁরা ব্যবসাবাণিজ্য, চাকরি বা কোনো পেশার সঙ্গে যুক্ত এবং বাড়ি ও দোকানের যাঁরা মালিক, তাঁদের প্রত্যেকেই নির্বাচন করছেন নিজের টাকায়। নির্বাচনে সবচেয়ে বেশি টাকা খরচ করছেন ঢাকা উত্তরের ৪ নম্বর ওয়ার্ডের সেলিমা খান। তিনি পেশায় মেডিকেল টেকনোলজিস্ট, নিজের আয় থেকে নির্বাচনে ১০ লাখ টাকা খরচ করবেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।
মাত্র ২৬ জন স্বামী, ছেলে-মেয়ে, ভাই-বোন-ভগ্নিপতি, মেয়ে জামাই, বেয়াইয়ের (ছেলের শ্বশুর) কাছ থেকে ধারকর্জ করে নির্বাচন করছেন। ঢাকা উত্তরের সংরক্ষিত ওয়ার্ডের (৪ নম্বর) প্রার্থী এসএসসি পাস জেবুন্নেসা এবং দক্ষিণের (ওয়ার্ড-৩) মল্লিকা জামান সংসার খরচের পর বেঁচে যাওয়া টাকা দিয়ে নির্বাচন করবেন বলে কমিশনকে জানিয়েছেন। ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী আরমিন আক্তার দেনমোহরের টাকা দিয়ে নির্বাচন করছেন।
প্রার্থীদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে। ঢাকা উত্তরের ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী স্বপ্না আক্তার, ৩ নম্বর ওয়ার্ডের সামসুন্নাহার ও শিরীন শান্তি, ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দা মিলি জাকারিয়া, ৫ নম্বর ওয়ার্ডে নাজমা কবির, ১০ নম্বর ওয়ার্ডের রোকেয়া সুলতানা তামান্না, ১১ নম্বর ওয়ার্ডের এস এম সীমার বিরুদ্ধে মামলা আছে। আইনজীবী রোকসানা আক্তারের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা ছিল। তিনি অব্যাহতি পেয়েছেন। ঢাকা উত্তরের ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী বিউটি চৌধুরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর ১(খ) ধারায় মামলা ছিল। পরে রাষ্ট্রপক্ষ তা প্রত্যাহার করে নেয়। এ ছাড়া ঢাকা দক্ষিণে ১২ নম্বর ওয়ার্ডের সুরাইয়া বেগম, ১৩ নম্বর ওয়ার্ডের রেহানা ইয়াসমীন ডলি, মমতাজ চৌধুরী ও রাবেয়া শহীদ, ১৯ নম্বর ওয়ার্ডের আঁখি আক্তারের বিরুদ্ধে মামলা রয়েছে। এঁদের নয়জনের বিরুদ্ধে বেআইনি সমাবেশে যোগ দেওয়াসহ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। আইনজীবী রোকেয়া সুলতানা তামান্নার বিরুদ্ধে দ্রুত বিচার আইনের ৪/৫ ধারায় মামলা রয়েছে। আর রাবেয়া শহীদের বিরুদ্ধে সম্পত্তির দলিল জাল ও প্রতারণার মামলা রয়েছে।
পেশা যখন সমাজকর্মী: বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক (অনুষ্ঠান) বাহারউদ্দিন খেলনের স্ত্রী খালেদা বাহার বিউটি ঢাকা উত্তরে ৭ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করছেন। হলফনামায় পেশার ঘরে লিখেছেন গৃহিণী ও সমাজকর্ম। কী ধরনের সমাজকর্ম করেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আসলে উল্লেখ করার মতো কোনো সমাজকর্ম করি না। তবে আমাদের একটা টিভি চ্যানেল অনুমোদন পেয়েছে, চ্যানেল ৫২ নামে। আমি ওটার ব্যবস্থাপনা পরিচালক।’
ঢাকা উত্তরে ৪ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করছেন ফরিদা। তিনিও হলফনামায় পেশা লিখেছেন সমাজসেবা। তবে কী ধরনের সমাজসেবা তিনি করেন, সে সম্পর্কে জানতে হলে তাঁর বাসায় যেতে হবে বলে জানান। তিনি ও তাঁর স্বামী দীর্ঘদিন বিদেশে ছিলেন। সেখানে তিনি অনেক আন্দোলন-সংগ্রাম করেছেন। দেশের মানুষের সেবা করতে এখন দেশেই থাকবেন বলে জানিয়েছেন।