ব্যবসায়ীদের বাধা, ফিরে গেলেন ভ্রাম্যমাণ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরে গতকাল বুধবার দুপুরে একদল উচ্ছৃঙ্খল ব্যবসায়ীর বাধার মুখে অভিযান পরিচালনা না করে ফিরে এসেছেন ভ্রাম্যমাণ আদালত। ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের অবরুদ্ধ করেন এবং তাঁদের ব্যবহূত মাইক্রোবাসের চালককে মারধর করেন।হবিগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুপুরে নির্বাহী হাকিম সেঁজুতি ধরের নেতৃত্বে ভোক্তা অধিকার আইনের ওপর শহরে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত মেয়াদোত্তীর্ণ পণ্য ও ভেজাল সয়াবিন তেল বিক্রির অভিযোগে শহরের চৌধুরী বাজার এলাকার ব্যবসায়ী সুমন বণিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। একই সময় আদালত মেয়াদোত্তীর্ণ পণ্য ও জিনিসপত্রের মূল্যতালিকা না টানানোর অপরাধে অপর এক ব্যবসায়ী মহিতোষকে দুই হাজার টাকা জরিমানা করেন। আদালত পরিচালনাকালে হঠাৎ করে একদল উচ্ছৃঙ্খল লোক ভ্রাম্যমাণ আদালতের দিকে তেড়ে আসে। তারা আদালতের কর্মকর্তাদের অবরুদ্ধ করে ফেলে। উত্তেজিত ব্যক্তিরা একপর্যায়ে আদালতের মাইক্রোবাসের চালক মনির হোসেনকে (৩৬) মারধর শুরু করেন। উদ্ভূত পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত তাঁদের কার্যক্রম গুটিয়ে ফিরে আসেন।বিচারক সেঁজুতি ধর বলেন, ‘ওই এলাকার একটি ছেলে ব্যবসায়ীদের উসকে দিয়ে উত্তেজিত করে তোলে। এমন এক পরিস্থিতি তৈরি হয় যে পুলিশকে নির্দেশ দেওয়ার আগেই তারা আমাদের গাড়ির চালককে মারধর শুরু করে। এ ছাড়া একজন উপসহকারী পরিদর্শকের (এএসআই) নেতৃত্বে মাত্র তিনজন পুলিশ দিয়ে শত শত মানুষকে থামানোর সুযোগ ছিল না।’এ ঘটনার পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে গতকাল বিকেলে এক জরুরি সভায় বসেন জেলা প্রশাসক মণীন্দ্র কিশোর মজুমদার। তিনি বলেন, ‘ব্যবসায়ী সংগঠনের নেতারা ২৪ ঘণ্টা সময় নিয়েছেন অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য। এই সময়ের মধ্যে তাঁরা ব্যবস্থা না নিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’