ব্যবসায়ীদের বাধার মুখে আদালতের কার্যক্রম স্থগিত
পলিথিনবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে ফরিদপুরের একটি বাজারে ব্যবসায়ীদের বাধার মুখে কার্যক্রম স্থগিত করতে বাধ্য হন ভ্রাম্যমাণ আদালত। পরে স্থানীয় জনতার সহায়তায় আদালত শহরে ফিরে আসেন। গতকাল সোমবার সদরের কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুরের নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি আদালত গতকাল কানাইপুর বাজারের চালপট্টিতে পলিথিনবিরোধী অভিযান পরিচালনা করতে যান। আদালত চালপট্টির মৃত জীবন কুমার সিকদারের দোকানে গিয়ে পাটের বস্তার জায়গায় পলিথিনের বস্তা দেখতে পেয়ে ৫০ হাজার টাকা জরিমানা করার উদ্যোগ নেন।
এত বড় অঙ্কের জরিমানার কথা শুনে বাজারের সব ব্যবসায়ী জীবন কুমার সিকদারের দোকানে জড়ো হয়ে প্রতিবাদমুখর হয়ে ওঠেন। একপর্যায়ে আদালত তাঁদের কাছে একপ্রকার জিম্মি হয়ে পড়েন।
স্থানীয় ব্যবসায়ী আনন্দ সাহা জানান, আধা ঘণ্টা পর স্থানীয় জনতার সহায়তায় নির্বাহী হাকিম ও তাঁর সহকর্মীদের উদ্ধার করে গাড়িতে তুলে দেওয়া হয়। তবে আদালত নিয়ম রক্ষার কার্যক্রম হিসেবে ৫০ হাজার টাকার পরিবর্তে জীবন সিকদারের নাতি তনয় সিকদারকে ৫০০ টাকা জরিমানা করেন। এরপর তাঁরা কানাইপুর বাজার ত্যাগ করেন।