ব্যবসায়ীদের বাধায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে গতকাল বৃহস্পতিবার অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযান স্থগিত করা হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, নির্বাহী হাকিম তরিকুল ইসলাম ও সাব্বির রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত গতকাল দুপুর ১২টায় রেলবাজারে অভিযান শুরু করেন। জেলা বাজার অনুসন্ধান কর্মকর্তা মো. আবদুর রহিম ও তিনজন পুলিশ সদস্য আদালতকে সহযোগিতা করেন। নির্বাহী হাকিমেরা প্যাকেটজাত মসলা বিক্রেতা আবদুল জলিলের দোকানে অভিযান চালিয়ে ৩০০ টাকা জরিমানা করেন। তবে কে বা কারা গুজব ছড়ায়, এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মুহূর্তেই বাজারের অন্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে অভিযানে বাধা দেন। অবস্থা বেগতিক দেখে আদালত থেকে দোকান মালিক সমিতির নেতা ও থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ও দোকান মালিক সমিতির নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর আদালত কার্যক্রম স্থগিত করেন।
জেলা বাজার অনুসন্ধান কর্মকর্তা (মার্কেটিং অফিসার) মো. আবদুর রহিম বলেন, রেলবাজারের ব্যবসায়ী আবদুল জলিল বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে বিভিন্ন মসলা প্যাকেটে ভরে বিক্রি করছেন। তাঁকে জরিমানা করায় ব্যবসায়ীরা বাধা দেন।
জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার বলেন, হলুদের গুঁড়া ব্যবসায়ীদের বিএসটিআইয়ের লাইসেন্স দেখার কথা স্যানিটারি ইন্সপেক্টরের। কিন্তু জেলা মার্কেটিং অফিসারের কথায় ম্যাজিস্ট্রেটরা জরিমানা করায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা বাজার তদারকি কমিটির সভাপতি মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, জরিমানার গুজব ছড়ানোয় ওই পরিস্থিতির সৃষ্টি হয়।