ব্যবসায়ীদের বিদেশ থেকে ঋণ নিতে পরামর্শ পরিকল্পনামন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ীদের বিদেশি বিভিন্ন উৎস থেকে ঋণ নেওয়ার পরামর্শ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ পরামর্শ দেন। মতিঝিলে ফেডারেশন ভবনে আজ বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ীদের উদ্দেশে মুস্তফা কামাল বলেন, ‘দেশে ব্যাংক ঋণের সুদের হার অনেক বেশি। আপনারা কেন বিদেশ থেকে ঋণ নিচ্ছেন না। সেখান থেকে ঋণ নিলে সব মিলিয়ে সুদ দিতে হবে ৫ থেকে ৬ শতাংশ।’

এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ভূইঞা সফিকুল ইসলাম, পরিকল্পনা কমিশনের সদস্য হেদায়েতুল্লাহ আল মামুন এবং দুই সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় পরিকল্পনামন্ত্রী বলেন, ২০২১ সালে দেশের মানুষের মাথাপিছু আয় হবে দুই হাজার ১০০ ডলার। আর ২০৩০ সালে এ দেশে কোনো গরিব মানুষ থাকবে না।

এফবিসিসিআইয়ের সভাপতি মানুষের সুবিধা বিবেচনায় রেখে যেকোনো পরিকল্পনা করতে পরিকল্পনামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।