কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে যুবলীগ নামধারী ক্যাডারদের বাধার মুখে গতকাল শনিবার ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে গেছে। ইনানীর সৌন্দর্য বর্ধনে পরিকল্পিত মাশরুম মার্কেট নির্মাণ, আকর্ষণীয় প্রবাল পাথর রক্ষা, ময়লা-আবর্জনা পরিষ্কার করা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠন ইনানী সি বিচ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সৈকত এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণ মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য গতকাল বেলা ১১টায় সমুদ্রসৈকতে যাওয়ার পথে ইনানী বটতলী স্টেশনে স্থানীয় যুবলীগ নামধারী ১০-১৫ জন দুষ্কৃতকারী তাদের বাধা দেয় এবং লাঠিপেটা করে। এতে সংগঠনের সভাপতি সৈয়দ হোছন (৪০), সাধারণ সম্পাদক নুরুল হক (৩৫), রাহমত উল্লাহ (৩০), বেলাল উদ্দিন (২৭), মাহমুদুল হক (৩০), নুরুল আলমসহ (৩২) ১৫-২০ ব্যবসায়ী আহত হন। সরেজমিনে জানা যায়, ইনানী সি বিচ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুরুল হক অভিযোগ করেন, যুবলীগ নামধারী আদনান ও আমিনের নেতৃত্বে দুর্বৃত্তরা তাঁদের সংগঠনের সভাপতি আহত সৈয়দ হোছনকে জোরপূর্বক টেনেহিঁচড়ে ভিশন নামের একটি ক্লাবে ঢুকিয়ে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে তিনটি অলিখিত নন-জুডিশিয়াল স্টাম্পে স্বাক্ষর আদায় করে। সৈয়দ হোছন এর সত্যতা স্বীকার করে বলেন, আদনান ও আমিন তাঁর কাছ থেকে এক লাখ চাঁদা দাবি করে আসছিল। দাবি করা চাঁদা না দেওয়ায় তাঁদের কর্মসূচিতে পুলিশের সামনে এ হামলা চালানো হয়। এ সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। পরে বিক্ষুব্ধ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী বিচে এসে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন। অভিযুক্ত আদনান এ প্রসঙ্গে বলেন, ‘ব্যবসায়ীরা আমাদের না জানিয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করায় ঘটনার সূত্রপাত হয়। কারণ, এখানে আরও একটি ব্যবসায়ী সংগঠন রয়েছে। এ ছাড়া সৈয়দ হোছনের কাছ থেকে নেওয়া স্টাম্পগুলো তাঁকে ফেরত দেওয়া হয়।’ ইনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক জয়নাল উদ্দিন এ প্রসঙ্গে বলেন, ‘ব্যবসায়ীদের কর্মসূচি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। ঘটনার পরে জানতে পারি কর্মসূচিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।’ জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী বলেন, ইনানীর দরিদ্র ব্যবসায়ীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে স্থানীয় চিহ্নিত দুর্বৃত্তরা জঘন্য ঘটনা ঘটিয়েছে।