ব্যবসায়ীদের লোভে নিরাপদ খাদ্য নিশ্চিত হচ্ছে না
ব্যবসায়ীদের অতিরিক্ত লোভের কারণে দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি গোলাম রহমান।
আজ বুধবার রাজধানীর খামারবাড়ি আ ক ম গিয়াসউদ্দিন মিল্কী মিলনায়তনে অনুষ্ঠিত নিরাপদ খাদ্য সম্মেলনে ক্যাব সভাপতি এ কথা বলেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্কের আয়োজনে ওই সম্মেলনে বক্তারা সদ্য প্রতিষ্ঠিত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে শক্তিশালী ও কার্যকর করতে সরকারে কাছে আহ্বান জানান।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক খাদ্যমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, দেশে এমন পরিবার কম পাওয়া যাবে যাদের আত্মীয়-স্বজনদের মধ্যে কোনো ক্যানসার রোগী নেই। ক্যানসার রোগের অন্যতম কারণ খাদ্যে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার—এ কথা উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ খাদ্যের জন্য মহাখালীতে একটি উন্নতমানের পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। কিন্তু সেখানে গেলেই বোঝা যায় যে তাতে কোনো কাজ হচ্ছে না। যন্ত্রগুলো অকেজো অবস্থায় পড়ে আছে। নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার জন্য এ ধরনের নেটওয়ার্ককে আরও বেশি সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা (এফএও) বাংলাদেশের এ দেশীয় প্রতিনিধি মাইক রবসন বলেন, সব খাদ্যে বিষ আছে—এমন গুজব ও ভীতি তৈরি না করে বরং কোন খাদ্যে কী ধরনের অনিরাপদ উপাদান আছে, তা চিহ্নিত করতে হবে। খাদ্য উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে ক্ষতিকারক উপাদান যুক্ত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজকেরা জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, নেদারল্যান্ডস সরকার ও এফএও-এর সহায়তায় নেটওয়ার্কটি প্রতিষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ক্যাব, উবিনীগ, শিশুক, বি-সেভ ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ওই নেটওয়ার্কের সদস্য হিসেবে কাজ করছে। সম্মেলনে ওই সংস্থাগুলোর সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্কের সভাপতি ফরিদা আখতার মূল বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, ‘খাদ্যে বিষ নিয়ে আমরা অহেতুক আতঙ্ক তৈরি করতে চাই না। কিন্তু আমাদের সঠিক তথ্য তুলে ধরতে হবে। যাতে সবাই নিরাপদ খাদ্য পায়।’ তিনি দেশের নিরাপদ খাদ্যে মডেল উপজেলা হিসেবে টাঙ্গাইলের দেরদুয়ার উপজেলাকে চিহ্নিত করে বলেন, ‘ওই উপজেলার কৃষকেরা স্থানীয় জাতের ফসলের চাষ করছে।’
দেরদুয়ার উপজেলার ভাইস চেয়ারম্যান রেবেকা পারভীন বলেন, বিষমুক্ত ফসলের চাষ করায় তাঁদের উপজেলায় কৃষক ও সাধারণ অধিবাসীরা রোগ-বালাইয়ে আক্রান্ত হওয়া কমে গেছে। এ বিষয়ে গবেষকদের গবেষণা করার আহ্বান জানান তিনি।
নেটওয়ার্কের নির্বাহী কমিটির সদস্য আতাউর রহমান মিল্টনের সঞ্চালনায় সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা নিরাপদ খাদ্য নিয়ে কাজ করেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।