ব্যবসায়ীদের লোভে ভেজাল ছত্রাকনাশকের চক্করে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুলতানপুর গ্রামের রাজু মিয়া (৩৮)। এবার তিনি পাঁচ বিঘা জমিতে আলুর আবাদ করেছেন। কিন্তু কয়েক দিন আগে আলুখেতে নাভিধসা বা ‘শীতকাটা’ রোগ দেখা দেয়। উদ্বিগ্ন রাজু ছুটে যান স্থানীয় কীটনাশকের দোকানে। দুই হাজার ২০০ টাকা খরচ করে কেনেন তিন প্রকারের ছত্রাকনাশক। কিন্তু এ ওষুধ ছিটিয়ে কোনো প্রতিকারই পাননি তিনি।শুধু রাজু মিয়া নন, তাঁর মতো বগুড়ার শিবগঞ্জ উপজেলার অনেক কৃষক আলুর ছত্রাকনাশক কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন। যেটি সবচেয়ে লাভজনক, ব্যবসায়ীরা সেটিই তুলে দিচ্ছেন কৃষকদের হাতে। ওই সব ছত্রাকনাশক ব্যবহার করে ক্ষতির শিকার হচ্ছেন তাঁরা। ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো কিছু না করেই ভেজাল ও অনুমোদনহীন ছত্রাকনাশক উদ্ধার এবং বিনষ্ট করেই দায়িত্ব সেরেছে কৃষি বিভাগ। ব্যবসায়ীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না আইনগত কোনো ব্যবস্থা।সম্প্রতি ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে আলু উৎপাদনে উত্তরাঞ্চলের প্রধান এলাকা হিসেবে পরিচিত এই উপজেলার বিস্তীর্ণ আলুখেতে ছত্রাক দেখা দেয়, যাকে বলা হয় নাভিধসা রোগ। স্থানীয়ভাবে একে শীতকাটা বলে থাকেন কৃষকেরা। এই রোগ নিরাময়ের জন্য খেতে ব্যবহার করতে হয় ‘ম্যানকোজেব’ উপাদানের ছত্রাকনাশক। যেমন—ডায়াথিন, ইন্ড্রোফিল, এগ্রিজেব, সানকোজেব, ডায়মিল, ফাস্টথিম। খেতে এ রোগ দেখা দেওয়ায় কৃষকেরা ছুটে যাচ্ছেন কৃষিকর্মী ও কীটনাশকের দোকানগুলোয়। মাঠপর্যায়ের কৃষিকর্মীরা সঠিক পরামর্শ দিলেও দোকানিরা হয়ে যান স্বঘোষিত কৃষি বিশেষজ্ঞ। দোকানিরা লাভ বেশি হবে এমন ছত্রাকনাশককে ‘ভালো’ ওষুধ হিসেবে বুঝিয়ে কৃষকদের কাছে বিক্রি করছেন মেয়াদ শেষ হয়ে যাওয়া বা নিম্নমানের ছত্রাকনাশক।উপজেলার মীরেরচক, সুলতানপুর, লয়াপাড়ার একাধিক কৃষক জানিয়েছেন, বাহারি নামের এসব ছত্রাকনাশক ব্যবহার করে ফল পাওয়া তো দূরের কথা, অনেকেই সর্বনাশ হয়েছে। সংসারদীঘি গ্রামের ময়নুল হোসেন (৪৫) বলেন, ‘এমনিতেই আলুর দাম নেই তার ওপর আলুগাছে মড়ক। সে মড়ক আবার ওষুধে ছাড়ছে না। এবার আমরা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ চক্রের মধ্যে পড়েছি। ফলন এখন এক-তৃতীয়াংশে নেমে আসবে।’নাম প্রকাশে অনিচ্ছুক শহরের এক কীটনাশক ব্যবসায়ী বলেন, ‘বাজারে বিভিন্ন কোম্পানির ৩৫ রকমের ম্যানকোজেব আছে। এসবের অনেকগুলোতেই মূল উপাদান খুব কম আছে। কোম্পানিগুলো এসব ওষুধ বাজারে ছাড়ার সময় সরকারের সংশ্লিষ্ট বিভাগ সেসবের মান নিয়ন্ত্রণ এবং সঠিক মাত্রা আছে কি না, তা দেখে বাজারজাতের অনুমোদন দেয় ঠিকই; কিন্তু ওই কোম্পানিগুলো আর মান নিয়ন্ত্রিত ওষুধ বাজারে ছাড়ে না।’ উপজেলার মহাস্থান এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক কীটনাশক ব্যবসায়ী জানান, গত বছর ছত্রাকনাশকের তেমন প্রয়োজন হয়নি। অনেক ওষুধ দোকানে আটকে আছে, সেগুলো এবার বিক্রি করছে অনেকেই। তবে তিনি এমন ওষুধ বিক্রি করেন না বলে দাবি করেন।সহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল কৃষকদের অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার বেশ কিছু ব্যবসায়ী ভেজাল ও মেয়াদ শেষ হয়ে যাওয়া ছত্রাকনাশক বিক্রি করছে। ইতিমধ্যে বেশ কিছু দোকান থেকে এসব ছত্রাকনাশক জব্দ করা হয়েছে। তবে বিভিন্ন ঝামেলার কারণে এ নিয়ে কোনো মামলা কিংবা থানায় সাধারণ ডায়েরি করা হয়নি। উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ভেজাল ছত্রাকনাশক জব্দে কৃষি বিভাগের কর্মকর্তারা প্রতিদিনই কীটনাশকের দোকানগুলো পরিদর্শন করছে।