ব্যবসায়ীদের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার রাজগঞ্জ বাজারকে ফরমালিনমুক্ত রাখার শপথ করেছেন ব্যবসায়ীরা। তাঁরা কোনো অবস্থায়ই ফরমালিনযুক্ত শাকসবজি, মাছ ও ফল বিক্রি করবেন না বলে অঙ্গীকার করেছেন। গতকাল বুধবার রাজগঞ্জ বাজারে আয়োজিত এক কমিউনিটি সমাবেশে এই অঙ্গীকার করেন তাঁরা।জেলা প্রশাসন ও জেলা তথ্য কার্যালয়ের উদ্যোগে এবং রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহযোগিতায় সমাবেশটি হয়। বেলা ১১টায় রাজগঞ্জ তরকারির আড়তে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার ভৌমিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজাউল আহসান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন আবুল কালাম সিদ্দিক।বক্তব্য দেন মীর হোসেন আহসানুল কবীর, শাহ মো. আলমগীর খান, সানাউল হক, আবদুস সামাদ ফকির প্রমুখ। বক্তারা বলেন, খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশ্রণ জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এর থেকে পরিত্রাণ পেতে হলে ব্যবসায়ীদেরই সবার আগে সচেতন হতে হবে। আগামী ৬ মার্চ রাণীরবাজার ও ১২ মার্চ চকবাজারে একই বিষয়ে জনসচেতনতামূলক সমাবেশ করা হবে। সমাবেশে জেলা দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক শাহ মো. আলমগীর খান বলেন, ‘আজ সময় এসেছে ফরমালিনমুক্ত পণ্য রাখার দাবিতে আন্দোলন গড়ে তোলার।’