ব্যবসায়ীদের শুদ্ধাচার কৌশলের আওতায় আসার আহ্বান
ব্যবসায়ীদের জাতীয় শুদ্ধাচার কৌশলের আওতায় আসার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ব্যবসায়ীদের প্রতি একই আহ্বান জানিয়ে বলা হয়েছে, ব্যবসায়ীদের সঙ্গে সরকারের কোনো বিরোধ নেই। তাদের সহযোগিতা নিয়েই সরকার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চায়।
রাজধানীর বিদ্যুৎ ভবন মিলনায়তনে আজ শনিবার এনবিআর আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশলের বাস্তবায়নে বেসরকারি খাতের ভূমিকা শীর্ষক এক সেমিনারে এসব কথা উঠে আসে। মন্ত্রিপরিষদ বিভাগ ও জাপান সরকারের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার সহযোগিতায় সেমিনারটির আয়োজন করা হয়।
সেমিনারে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, স্বাধীনতার আগে বাংলাদেশের মানুষের কাছে ব্যবসায়ী মানেই একজন নেতিবাচক চরিত্রের মানুষ ছিলেন। কারণ তখনকার বেশির ভাগ ব্যবসায়ী ছিলেন পশ্চিম পাকিস্তানি ও শোষক চরিত্রের। এখন সেই অবস্থা আর নেই। সরকার ব্যবসায়ীদের সহযোগিতা নিয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চায়। দেশে যেসব আইন কোনো কাজে লাগছে না, তা বাতিল করা উচিত বলেও মত দেন প্রতিমন্ত্রী।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান সরকারের সঙ্গে ব্যবসায়ীদের সম্পর্ককে মধুর মতো মিষ্টি ও সমুদ্রের মতো গভীর হিসেবে চিত্রিত করে বলেন, আমরা চাই সরকার যে জাতীয় শুদ্ধাচার বিষয়ক কৌশল তৈরি করেছে তা বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরাও চর্চা করুক। অর্থ পাচার, মাদক ব্যবসা ও কর ফাঁকি বন্ধে তিনি ব্যবসায়ীদের সহযোগিতা চেয়ে বলেন, ‘আমাদের সবাইকে দেশপ্রেমিক হতে হবে, এই কথা এখন আর আমরা বলি না। কেননা অনেকের এখন বাংলাদেশের বাইরেও সেকেন্ড হোম রয়েছে। ফলে আমরা বলি স্বদেশ প্রেম থাকতে হবে।’
মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, আমাদের অনেক আইন রয়েছে কিন্তু তার সঠিক বাস্তবায়ন নেই। আইন সঠিক ভাবে বাস্তবায়নের জন্য বিধিমালা গুলো আরও সহজ হওয়া উচিত বলেও মন্তব্য করে তিনি বলেন, সরকারের সঙ্গে ব্যবসায়ীদের বিশ্বাসের সম্পর্ক বাড়াতে হবে।
সেমিনারে বাংলাদেশ দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, সরকার ব্যবসায়ীদের মধ্যে শুদ্ধাচার কৌশলের বাস্তবায়ন দাবি করলেও সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে শুদ্ধাচারের অভাব রয়েছে। সেটি আগে দূর করতে হবে। গত বছর বাংলাদেশ থেকে নয় বিলিয়ন ডলারের বেশি অর্থ পাচার হয়েছে উল্লেখ করে মাতলুব আহমাদ বলেন, এই অর্থ পাচার বন্ধ করতে হবে। নয়তো ব্যবসার ক্ষেত্রে শুদ্ধাচার আসবে না।