ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউমার্কেট-সংলগ্ন চন্দ্রিমা মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ঢাকা কলেজ ছাত্রলীগের কয়েকজন কর্মী গতকাল সন্ধ্যার দিকে চন্দ্রিমা মার্কেটে কেনাকাটা করতে যান। এ সময় দরদাম নিয়ে বিক্রেতার সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিক্রেতারা তাঁদের মারধর করেন। এরপর ওই ছাত্ররা ঢাকা কলেজে খবর দিলে ছাত্রলীগ ও সাধারণ ছাত্ররা গিয়ে চন্দ্রিমা মার্কেটে ভাঙচুর চালান। এ সময় দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ১৫ জন বিক্রেতা আহত হন। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। ব্যবসায়ীদের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব হাসানের কর্মীরা ওই হামলা চালিয়েছেন। হামলার সময় কিছু দোকানেও লুটপাট চালিয়েছেন হামলাকারীরা।তবে সাকিব হাসান বলেন, একজন বহিরাগত চন্দ্রিমা মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিল। দরদাম নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তার ওপর হামলা চালায় দোকানদারেরা। পরে সে ঢাকা কলেজের ছাত্র পরিচয় দিয়ে সাধারণ ছাত্রদের খবর দেয়। এরপর ছাত্ররা ঘটনা জানতে গেলে ব্যবসায়ীরা তাঁদের ওপর হামলা চালান এবং কলেজে ভাঙচুর করেন। গতকাল রাত ১১টার দিকে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী বলেন, পরিস্থিতি স্বাভাবিক আছে।