ব্যবসায়ীদের সঙ্গে তাল মিলিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে সরকারি প্রতিষ্ঠান: ক্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)

দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিযোগিতা চলছে। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন। সঙ্গে তাল মিলিয়ে সরকারি সেবা প্রতিষ্ঠানগুলোও গ্যাস, বিদ্যুৎসহ নানা জিনিসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা চালাচ্ছে। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতারা।

অসাধু, মুনাফালোভী ও মজুতদার ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে ক্যাব। মানববন্ধনে ক্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, দেশে লকডাউনের পর প্রতিযোগিতা করে পেঁয়াজ, আলু, সয়াবিন তেল থেকে শুরু করে দাম বাড়েনি এমন কোনো পণ্যের তালিকা পাওয়া যাবে না। বাংলাদেশে পুরোটাই মূল্যবৃদ্ধির প্রতিযোগিতা চলছে। তিনি বলেন, অসাধু ব্যবসায়ীদের বারবার সতর্ক করার পরও সতর্ক হচ্ছেন না। তাঁদের এই যন্ত্রণা থেকে রেহাই দিতে, রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে ব্যবস্থা নিতে ভূমিকা রাখার দাবি সরকারের কাছে। কারণ, সংসার চালাতে না পেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।

এস এম নাজের হোসাইন বলেন, ক্যাব বিভিন্ন সময় সরকারের বিভিন্ন দপ্তরে ভোক্তাদের সমস্যা নিয়ে কথা বলেছে। কিন্তু কোনো প্রতিকার হয়নি। সরকার ইদানীং কিছু উদ্যোগ নিলেও ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা যায়নি। এ সুযোগে বেসরকারি ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন। সেই সঙ্গে তাল মিলিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোও তাদের পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।

বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, সব সময় ব্যবসায়ী অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কথা হয়। সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। মিল্ক ভিটা, গ্যাস, বিদ্যুৎ—এসবের মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে। বিদেশে সয়াবিন তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ও দাম বাড়িয়েছে। কিন্তু ৩০ শতাংশ ভ্যাট কমানোর পর দাম সমন্বয় করা হলো আট টাকা। হিসাব অনুযায়ী, লিটারে ৩৮ টাকা কমার কথা। তার মানে ব্যবসায়ীদের রাষ্ট্রীয়ভাবে সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। রাষ্ট্র ও জনগণের কাছ থেকে এ লুটপাট করে নেওয়া হচ্ছে।

ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, বিশ্ববাজারে পণ্যের দাম বৃদ্ধির অজুহাতে দেশের প্রায় সব পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এমনকি গরুর মাংসের দামও বাড়িয়ে দিয়েছেন। বিশ্ববাজারে কি গরুর দামও বেড়ে গেছে?
হুমায়ুন কবির ভূঁইয়া আরও বলেন, বাজারে অভিযান আরও জোরদার করতে হবে ভোক্তা অধিকারের। যেহেতু তাদের অভিযানে বাজারে কিছুটা স্থিতি আসছে। এটা যত জোরদার হবে, ভোক্তারা তত বেশি উপকৃত হবে।

ক্যাবের ঢাকা জেলার কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এম শামস এ খান বলেন, বর্তমান সরকার নিজেদের উন্নয়নের সরকার হিসেবে দাবি করছে। বাহ্যিক উন্নয়ন হচ্ছে। করোনায় বেসরকারি খাতে অনেকে চাকরি হারিয়েছেন, আয় কমেছে। অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। এ দুটোর সমন্বয় কীভাবে হবে? মধ্যস্বত্বভোগীদের বাছাই করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এ অবস্থা থেকে বের হওয়া সম্ভব হবে না।
মানববন্ধনে আরও বক্তব্য দেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ক্যাবের যুগ্ম সম্পাদক ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ।