ঢাকার উর্দু রোড থেকে কেনা পাঞ্জাবিটির পাইকারি দাম ছিল এক হাজার টাকা। সেই পাঞ্জাবিই চট্টগ্রাম নগরের টেরিবাজারের মেগামার্ট নামের দোকানে বিক্রি হচ্ছিল সাড়ে তিন হাজার টাকায়। গতকাল বুধবার চট্টগ্রামে কাপড়ের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার টেরিবাজারে অভিযান চালিয়ে এ চিত্র দেখতে পান ভ্রাম্যমাণ আদালত।
তবে প্রথমবারের মতো অভিযান হওয়ায় মেগামার্টসহ ছয়টি দোকানের বিক্রেতাদের দণ্ড না দিয়ে শুধু সতর্ক করেছেন আদালত।
গতকাল অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। মোট নয়টি দোকানে অভিযান চালানো হয়। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট টেরিবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে গিয়ে কেন্দ্রীয় সাউন্ড সিস্টেমের মাধ্যমে বাজারের সব বিক্রেতাকে কাপড়ের দাম সহনীয় পর্যায়ে রেখে বিক্রির নির্দেশ দেন। পরে তাহমিলুর রহমান সাংবাদিকদের বলেন, কয়েকটি দোকানে দেখা গেছে দ্বিগুণ-তিন গুণ লাভে কাপড় বিক্রি করা হচ্ছে। অবশ্য কেউ কেউ যৌক্তিক মূল্যে কাপড় বিক্রি করছেন। প্রথমবার অভিযান বলে সব ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। দু-এক দিনের মধ্যে এই বাজারে আবারও অভিযান চালানো হবে। তখন কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে মেয়াদোত্তীর্ণ, অননুমোদিত ওষুধ বিক্রি এবং বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চারটি ওষুধের দোকান ও দুটি বাজারের ছয় বিক্রেতাকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।