ব্যবসায়ীদের সমস্যা সমাধানে পরামর্শক কমিটি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ব্যবসায়ীদের চিহ্নিত সমস্যা সমাধানে বাস্তব পদক্ষেপ নিতে দুয়েক দিনের মধ্যে পরামর্শক কমিটি গঠন করা হবে। এই কমিটিতে অর্থমন্ত্রী এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ ২৬-২৭ জন সদস্য থাকবেন।


আজ শনিবার চট্টগ্রামে ২২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বিকেলে চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ডে মেলার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।

বক্তব্যে তোফায়েল আহমেদ হরতাল-অবরোধ কর্মসূচি না দিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করা বিএনপির ভুল ছিল। ক্ষমতাসীন দলের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, তা আওয়ামী লীগ প্রমাণ করেছে। বাংলাদেশের মাটিতে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। তাই হরতাল-অবরোধ দিয়ে আপনি (খালেদা জিয়া) লক্ষ্য অর্জন করতে পারবেন না।’

বর্তমান সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে উল্লেখ করে আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা বলেন, ‘আমাদের হাতে এখন যথেষ্ট সময় আছে। কেউ যদি অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করে, তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বাণিজ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত আয়ের দেশে উন্নীত হবে। তবে সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর।

মেলার আয়োজক সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, সাংসদ এম এ লতিফ, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম, সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার আগে চট্টগ্রাম পূর্ব পাকিস্তানকে নিয়ন্ত্রণ করত। বর্তমানে শক্তি-ক্ষমতাসহ বিভিন্ন কারণে এ নিয়ন্ত্রণ ঢাকামুখী। গত ৪৩ বছরে চট্টগ্রামে শিল্প-কারখানার সংখ্যা কমেছে। আর বেড়েছে ঢাকা ও ঢাকার চারপাশের এলাকায়।

এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন বলেন, দেশের অর্থনীতিকে জাগিয়ে তুলতে রাজনীতিবিদদের রাজনীতি করতে হবে। অর্থনীতি ধ্বংস হয়ে গেলে রাজনীতি থাকবে না।
এবারের মেলায় সহযোগী উদ্যোক্তা রাষ্ট্র হিসেবে আছে থাইল্যান্ড। মেলায় ৩৮টি প্যাভিলিয়ন ও ২৩৯টি স্টল নিয়ে ৪০০-এর বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বরাবরের মতো ভারত, চীন, থাইল্যান্ড, ইরান, পাকিস্তানসহ অন্যান্য প্রতিবেশী দেশও মেলায় অংশ নিয়েছে। চার লাখ বর্গফুট পরিসরে আয়োজিত মেলায় আসা দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। গতবারের মতো মেলার প্রবেশমূল্য এবারও ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। মেলায় আসা দর্শনার্থীরা বিনা মূল্যে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন।