ব্যবসায়ীদের সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক সংলাপে হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ব্যবসায়ীদের বেশি করে সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, এতে কোম্পানির ভাবমূর্তি উন্নয়নের পাশাপাশি দেশের সামাজিক-অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে।নগরের একটি হোটেলে গতকাল শনিবার সকালে করপোরেট সামাজিক দায়বদ্ধতাবিষয়ক (সিএসআর) এক নীতি-সংলাপে আলোচকেরা এ মত দেন। চট্টগ্রাম চেম্বার এবং ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহায়তা করে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। সংলাপে ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।সংলাপে আলোচকেরা বলেন, সামাজিক দায়িত্ব পালনে ব্যবসায়ীদের উৎসাহিত করতে রাজস্ব বিভাগ আরও বেশি করে তাঁদের কর অব্যাহতি বা প্রণোদনা দিতে পারে। এতে ব্যবসায়ীরা সামাজিক কর্মকাণ্ডে নিজেদের আরও বেশি সম্পৃক্ত করতে আগ্রহী হবেন।সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান। এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমানের সঞ্চালনায় সংলাপে মূল বক্তব্য উপস্থাপন করেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন। বক্তব্য দেন রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ মো. আমিনুল করিম, চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম প্রমুখ।রোকেয়া আফজাল রহমান বলেন, দেশের ৪০ শতাংশ গরিব ও হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখতে পারে। রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ মো. আমিনুল করিম বলেন, করপোরেট সামাজিক দায়বদ্ধতা পালনে ব্যবসায়ীদের এগিয়ে আসার জন্য কর অব্যাহতি দেওয়া হয়েছে। এ ধরনের সামাজিক কর্মকাণ্ড পালনে উৎসাহ দেওয়া হচ্ছে। মোয়াজ্জেম হোসেন বলেন, সিএসআর একটি স্বতঃপ্রণোদিত উদ্যোগ। এটি ব্যবসায়ী বা করপোরেটদের সামাজিক দায়বদ্ধতার প্রতি গুরুত্ব আরোপ করে। চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম দারিদ্র্য বিমোচনে টেকসই কার্যক্রম বাস্তবায়নে সিএসআর তহবিল ব্যবহারের জন্য ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, সিএসআর তহবিলকে ব্যবহার করা গেলে অনুদানের ওপর নির্ভরশীলতা কমানো সম্ভব হবে।