ব্যবসায়ীদের সোচ্চার হতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশব্যাপী ধ্বংসাত্মক কার্যকলাপের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে এ থেকে মুক্তির জন্য ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের চুপ করে বসে থাকলে চলবে না। ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কারণ, দিন শেষে ক্ষতি আপনাদের, ক্ষতি দেশের মানুষের।’
গতকাল শনিবার ১৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী এই মেলার যৌথ আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি এখন জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দিনের পর দিন হরতাল-অবরোধ দিচ্ছে। এবারের নির্বাচনে যারা ভোট দিয়েছে, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। একসময় জবাবদিহি করতে হবে মানুষের কাছে। তিনি বলেন, ‘আন্দোলন আমরাও করেছি। কিন্তু মানুষ হত্যা করে নয়। আমরা আন্দোলন করেছি মানুষকে সম্পৃক্ত করে। এখন তরিতরকারির দোকান, এমনকি ওষুধপত্রও আক্রমণের শিকার। রাস্তার পাশে গাছ, অবলা গরুকেও রেহাই দেওয়া হচ্ছে না।’ তিনি বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে বলেন, ‘আমি নিজে তাঁকে ফোন করেছি। কিন্তু বার বারই পেয়েছি আলটিমেটাম। তিনি এখন বিএনপি-জামায়াতের নেত্রী।’
মন্দা স্বত্ত্বেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার ৮০০ কোটি ডলারে উন্নীত এবং দারিদ্রের হার ২৬ শতাংশে নেমে এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো ব্যবসায়ীকে কোনো ভবনে গিয়ে কমিশন দিয়ে আসতে হয়নি। আমরা কোনো হাওয়া ভবন তৈরি করিনি। বরং গত পাঁচ বছরে পাঁচ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে পৌঁছেছেন।’ তিনি বলেন, তীব্র যানজটের শহর থেকে ঢাকা এখন দৃষ্টিনন্দন শহর। যেকোনো উন্নত শহরের সঙ্গে ঢাকাকে তুলনা করা যায়।
শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের সময় বিএনপি আমলের রেখে যাওয়া তিন হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ থেকে পাঁচ বছরে ছয় হাজার ৬৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এখন ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), ওয়াল স্ট্রিট জার্নালসহ অনেকেই বাংলাদেশকে দ্রুত প্রবৃদ্ধি ও অপার সম্ভাবনাময়ী দেশের তালিকায় যুক্ত করেছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি এশিয়া, ইউরোপেও বাংলাদেশী পণ্যের বাজার খোঁজার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেন।
উদ্বোধীন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ ও ইপিবি ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু প্রমুখ।