ব্যবসায়ীদের হামলার পর নগর ভবনে নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর ভবনে গত বুধবার অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও আনসার মোতায়েন করা হয়েছে। গত মঙ্গলবার বিলবোর্ড ব্যবসায়ীরা সিটি করপোরেশনের মেয়রের কর্মচারীদের লাঞ্ছিত করার পর এই নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। নগর ভবনে কর্মচারীদের ওপর হামলার সঙ্গে জড়িত বিলবোর্ড ব্যবসায়ীরা যুবলীগের নেতা-কর্মী বলে জানা গেছে।চট্টগ্রামের মেয়রের কার্যালয়ের কর্মচারী ও দেহরক্ষীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল বুধবার নগরের বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ সমাবেশ করেছে। নগরের বিভিন্ন স্থান থেকে অন্তত ১০টি মিছিল এসে কাজীর দেউরি নাছিমন ভবনের দলীয় কার্যালয়ে সমবেত হয়।বিএনপির সমাবেশে বক্তারা অবিলম্বে মেয়রের কার্যালয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। বক্তারা বলেন, বর্তমান সরকারের ফ্যাসিবাদী রাজনীতির প্রতিফলন এ হামলা। মন্জুর আলম বিরোধী দলের মেয়র বলেই তাঁর ওপর হামলা করা হয়েছে।অবৈধ বিলবোর্ড সরানোর প্রতিবাদে মঙ্গলবার বিলবোর্ড ব্যবসায়ীরা সিটি করপোরেশনের মেয়রের কার্যালয়ে গিয়ে কর্মচারী-মেয়রের নিরাপত্তা প্রহরীদের মারধর করেন।মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, বিলবোর্ড ব্যবসায়ীদের নৈরাজ্য সত্ত্বেও অবৈধ বিলবোর্ড ও সাইনবোর্ডের বিরুদ্ধে অভিযান চলবে। প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড সচিবকে নিজ নিজ এলাকার বিলবোর্ডের পরিমাণ ও আকার সম্পর্কে চার দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। এরপর অনুমোদনহীন সব বিলবোর্ড উচ্ছেদ করা হবে। তা ছাড়া বৈধ বিলবোর্ডের আকার সঠিক না থাকলে সেগুলো অপসারণ করা হবে। অভিযান: বুধবার বিকেলে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট শেখ সালেহ আহমদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় আদালত নগরের বহদ্দারহাট মোড়ের অবৈধ পুলিশ বক্স ভেঙে ফেলেন। টহল পুলিশ ও ট্রাফিক পুলিশ সদস্যরা এ বক্সে বসতেন। এগুলো সরাসরি সড়কের ওপর বসানো হয়। জানা গেছে, নগরে এ ধরনের ১৩টি পুলিশ বক্স আছে। এসব বক্সের কোনো অনুমোদন নেই। এ সম্পর্কে ম্যাজিস্ট্রেট শেখ সালেহ বলেন, বুধবার আমরা বহদ্দারহাট ও ২ নম্বর গেটে দুটি বাক্স ভেঙেছি।