ব্যবসায়ীদের হয়ে চাঁদা আদায় করছে পৌর কর্তৃপক্ষ!
রংপুর জেলা দোকান মালিক সমিতির নামে পৌর কর্তৃপক্ষ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিটি ট্রেড লাইসেন্স থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করছে। ব্যবসায়ীদের পক্ষ হয়ে পৌরসভার এই টাকা আদায় নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।পৌরসভা সূত্রে জানা যায়, পৌর এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য প্রায় ১৭ হাজার ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স রয়েছে। নতুন ট্রেড লাইসেন্স ও লাইসেন্স নবায়নের জন্য পৌরসভা কর্তৃপক্ষ প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে ১০ টাকা করে রসিদের মাধ্যমে চাঁদা আদায় করছে। এই রসিদ জেলা দোকান মালিক সমিতির পক্ষ থেকে পৌরসভায় সরবরাহ করা হয়েছে। নতুন লাইসেন্স বা লাইসেন্স নবায়নে পৌরসভার নির্ধারিত ফরমে ফি জমা করা হলেও এই রসিদ আলাদাভাবে যুক্ত করে দেওয়া হয়। রসিদ বইয়ে প্রতিষ্ঠানের নাম লেখা হয় না। সেখানে সমিতির সাধারণ সম্পাদকের স্বাক্ষর রয়েছে। জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উন্নয়নমূলক কিছু একটা করতে রসিদের মাধ্যমে এই টাকা তোলার জন্য পৌরসভার সঙ্গে কথা বলে টাকা নেওয়া হচ্ছে।পৌরসভার সচিব মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রেড লাইসেন্সের সঙ্গে ১০ টাকা করে নেওয়া হচ্ছে।