ব্যবসায়ীর ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ী নেতা রায়হানুল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রোববার সকালে মানববন্ধন হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহরের প্রেসক্লাব চত্বর থেকে কলেজগেট পর্যন্ত এ মানববন্ধন হয়। এ কর্মসূচির সঙ্গে জেলা ঠিকাদার সমিতি, সম্মিলিত পেশাজীবী পরিষদ, পুরাতন বাজার দোকানদার ব্যবসায়ী সমিতি, বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক সংগঠন একাত্মতা প্রকাশ করে। বক্তারা বলেন, বুধবার রাতে শহরের নিমতলা মোড়ে এক দম্পতিকে লাঞ্ছনার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলার শিকার হন ট্রেড অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক রায়হানুল ইসলাম। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সন্ত্রাসীরা সেখানে আবারও তাঁর ওপর হামলা চালায়। এ ঘটনায় পরদিন ওই ব্যবসায়ীর দোকানের এক কর্মচারী আটজনকে আসামি করে থানায় মামলা করেন। শেষে মানববন্ধনে অংশগ্রহণকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি পেশ করেন।