ব্যবসায়ীর ওপর হামলা, টাকা লুট, গ্রেপ্তার ২
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা (পল্লী বিদ্যুৎ) এলাকায় গত বুধবার সন্ধ্যায় শওকত হোসেন নামের এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে তাঁর দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলায় অন্তত চারজন আহত হন। এ ঘটনায় কালিয়াকৈর থানায় পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে।ওই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন একই এলাকার সুজন মিয়া ও মাহবুব।এজাহারে বলা হয়েছে, শওকত হোসেন পল্লী বিদ্যুৎ এলাকার নিজ বাসা থেকে নিজের বাড়ি তৈরির জন্য রড কেনার উদ্দেশ্যে ওই দিন সন্ধ্যায় মোটরসাইকেলে চড়ে কালিয়াকৈর বাজারে যাচ্ছিলেন। একপর্যায়ে একই এলাকার একদল চিহ্নিত সন্ত্রাসী তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাঁকে রড দিয়ে পিটিয়ে আহত করে ওই টাকা ছিনিয়ে নেয়। এ সময় সহযোগিতা দিতে এগিয়ে এলে রিপন হোসেন, সামছুল হক ও হাসেম মিয়া নামের তিনজনকেও পিটিয়ে আহত করা হয়। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।