ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ব্যবসায়ী মাকসুদ আহমেদ মওলার ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া বাজারের সামনের সড়কে গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকার শতাধিক মানুষ। মানববন্ধন কর্মসূচি পালন শেষে মাকসুদ আহমেদের ওপর হামলাকারী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন।
পরে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
৮ সেপ্টেম্বর বাড়ি থেকে কাউলিবেড়া বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে আসার সময় সন্ত্রাসীরা মাকসুদ আহমেদ ও তাঁর ছেলে শরিফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে ব্যবসায়ী মাকসুদ আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা হয়েছে।