ব্যবসায়ীর করা মামলায় পত্রিকার সম্পাদক কারাগারে
এক ব্যবসায়ীর করা মামলায় চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সাঙ্গু পত্রিকার সম্পাদক কবির হোসেন সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মো. নিপু এ আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের বিরুদ্ধে গত ২৪, ২৫ ও ২৬ জুন সংবাদ প্রকাশিত হয় সাঙ্গু পত্রিকায়। মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় পত্রিকাটির সম্পাদক, বার্তা সম্পাদক বদরুল ইসলাম মাসুদ ও প্রধান প্রতিবেদক চম্পক চক্রবর্তীকে আসামি করে গত ২৪ আগস্ট আদালতে মামলা করেন কেডিএস গ্রুপের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। পরে আদালত বায়েজীদ বোস্তামী থানার ওসিকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, এই মামলার আসামি পত্রিকাটির সম্পাদক কবির হোসেন সিদ্দিকী গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।