ব্যবসায়ীর কাজে কাউন্সিলরের বাধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন আদানি মোড়ে গুদাম নির্মাণে এক কাউন্সিলর বাধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২০ লাখ টাকা চাঁদা দেওয়া না হলে কোনো প্রকার স্থাপনা গড়তে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছেন ওই কাউন্সিলর। শনিবার এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মো. নওশাদ এসব অভিযোগ করেন। কিন্তু পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ওই জমিতে তাঁরও মালিকানা আছে।মেসার্স নওশাদ এন্টারপ্রাইজের মালিক মো. নওশাদ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গত বছরের ৪ নভেম্বর আমিনুল হকের কাছ থেকে তিনি ১৭ শতক জমি কেনেন। ওই জমিতে তিনি একটি গুদামঘর নির্মাণ শুরু করেন। গত ১১ ফেব্রুয়ারি সৈয়দপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মাণকাজে বাধা দেন। কাউন্সিলর ও তাঁর সাঙ্গপাঙ্গরা নির্মাণশ্রমিকদের পিটিয়ে এলাকা ছাড়া করেন। অভিযোগ অস্বীকার করে পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী বলেন, ‘ওই ১৭ শতক জমিতে আমারও মালিকানা রয়েছে। কাজেই আমি নির্মাণকাজে বাধা দিয়েছি।’ তিনি কোনো চাঁদা দাবি করেননি বলে জানান। উল্টো ব্যবসায়ী নওশাদ তাঁকে গত ২০ এপ্রিল হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন। সৈয়দপুর থানার ওসি জামাল উদ্দিন বলেন, ‘ওই এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এ নিয়ে উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে।’