ব্যবসায়ীর গাড়িতে আগুন, বাসায় গুলি
নগরের অক্সিজেন এলাকায় বাসায় ঢুকে এক নির্মাণ ব্যবসায়ীর গাড়িতে আগুন ও তাঁর বাসা লক্ষ করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। গতকাল সকালে এ ঘটনার পর তিন যুবক মোটরসাইকেলে করে পালিয়ে যায়। নির্মাণ ব্যবসায়ীর নাম জমির আলী। জিননুরাইন প্রপার্টিজ নামে তাঁর একটি নির্মাণ প্রতিষ্ঠান রয়েছে। তিনি অক্সিজেন পাঠানপুর সড়কের একটি চৌধুরী নিবাস নামের পাঁচতলা বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন। ওই বাড়ির নিচতলায় গাড়িটি রাখা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির মূল ফটক খোলা ছিল। সে সুযোগে তিন যুবক বোতলে করে আনা পেট্রল গাড়িতে ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর গাড়িতে একটি গুলি করে এবং জমির আলির ভাড়া বাসা লক্ষ করে আরও দুটি গুলি ছোড়ে। তারপর তারা মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায়। জমির আলী এ প্রসঙ্গে বলেন, ‘কারা বাড়িতে হামলা করেছে তা আমি জানি না। তবে এ ব্যাপারে থানায় মামলা করেছি। কারণ, দেড় মাস আগেও সীমানা দেয়ালের বাইরে থেকে আমার বাসা লক্ষ করে গুলি করা হয়েছিল। এবার মামলা করলাম।’ তিনি বলেন, উভয় কাজ একই ব্যক্তির নির্দেশে হয়েছে। পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেন, থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে কে জড়িত তা বের করার জন্য পুলিশ কাজ শুরু করেছে। বাড়ির মালিক ও ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, দেড় মাস আগেও সন্ত্রাসীরা একবার এসে জমির আলীর গাড়িতে গুলি করেছিল। চাঁদার দাবিতেই সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে বলে মন্তব্য করেন তিনি।