ব্যবসায়ীর গুদামে মিলল ১০৪২ বস্তা সরকারি চাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর মনোহরদী উপজেলা শহরে এক ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি খাদ্যগুদামের ১ হাজার ৪২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার রাতে এসব চাল জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই গুদামটি কৃষ্ণ সাহা নামের এক ব্যবসায়ীর। গুদামটির নাম লোকনাথ ভান্ডার। গতকাল রাত সাড়ে আটটার দিকে মনোহরদী বাজারের ওই গুদামটি থেকে ‘সরকারি খাদ্যগুদাম’ লেখা চালের বস্তা বাইরে নিয়ে যাওয়ার জন্য ট্রাকে তোলা হচ্ছিল। এ সময় খবর পেয়ে উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও শামীম কিবরিয়া ও মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন সেখানে অভিযান চালান। এ সময় গুদামের ভেতরে রাখা এবং চালভর্তি একটি ট্রাকসহ ১ হাজার ৪২ বস্তা চাল জব্দ করা হয়।