ব্যবসায়ীর জামিনের পর খুলল দোকানপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার সাহার জামিনের পর গতকাল বিকেলে বন্ধ দোকানপাট খোলা হয়েছে। গত রোববার বিকেলে তাঁর মুক্তির দাবিতে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে এক ঘণ্টা সড়ক অবরোধ করেছিলেন।
গতকাল সোমবার সকালে রাজশাহীর সাহেব বাজারের কাপড়পট্টিতে গিয়ে দেখা যায়, বাজারের বাইরের ফটকে তালা দিয়ে রাখা হয়েছে। সেখানে পুলিশ পাহারায়। ভেতরে দু-একটি দোকান খোলা থাকলেও সেগুলো বিক্রির উদ্দেশ্যে খোলা হয়নি। বেলা তিনটার দিকে অশোক কুমার সাহা জামিনে মুক্তি পান। সোয়া তিনটার দিকে দোকানপাট খোলা হয়।
এ ব্যাপারে মহানগর বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম খোন্দকার বলেন, অযথা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তাঁকে ধরে নিয়ে যাওয়ার পর তাঁরা থানায় গিয়েছেন, পুলিশ ফাঁড়িতে গিয়েছেন, তখন বলা হয়েছে তাঁকে আটক করা হয়নি। পরে সন্ধ্যা ছয়টার দিকে বলা হয়, গোয়েন্দা পুলিশ নিয়ে গেছে। এটাতো হয়রানিমূলক।