ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই
নাটোরের বড়াইগ্রামে র্যাব পরিচয়ে এক ব্যবসায়ীর প্রায় দুই লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার বনপাড়া এলাকার পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।জানা গেছে, উপজেলার ধানাইদহ গ্রামের চালকলের মালিক লোকমান মণ্ডল সোনালী ব্যাংকের বনপাড়া শাখা থেকে টাকা তুলে বুধবার সন্ধ্যায় অটোরিকশায় করে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরছিলেন। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে পৌঁছালে একটি মাইক্রোবাস অটোরিকশাটির গতি রোধ করে। এ সময় র্যাবের পোশাক পরা পাঁচজন তরুণ গাড়ি থেকে নেমে নিজেদের র্যাব সদস্য বলে পরিচয় দেয় এবং লোকমানের বিরুদ্ধে মামলা রয়েছে জানিয়ে তাঁকে গাড়িতে উঠিয়ে নেয়। পরে তারা লোকমানের কাছ থেকে এক লাখ ৯৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পাবনা-নাটোর সড়কের খেজুরতলা গলাকাটা সেতুর পাশে তাঁকে নামিয়ে দেয়। পরে লোকমান ঘটনাটি বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তাদের জানান।