ব্যবসায়ীর পিস্তল ও ১৪ লাখ টাকা নিয়ে গাড়িচালকের পলায়ন!
চট্টগ্রামের শিল্প গ্রুপ মেসার্স ইলিয়াস ব্রাদার্সের (এমইবি) চেয়ারম্যান শামসুল আলমের একটি লাইসেন্স করা পিস্তল ও ১৪ লাখ টাকা নিয়ে তাঁদের এক গাড়িচালক পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে গাড়িচালক মোহাম্মদ নকিব গাড়ি রেখে টাকা ও পিস্তল নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়।ব্যবসায়ী শামসুল আলমের ছেলে ও এমইবির পরিচালক মো. শোয়েব রিয়াদ প্রথম আলোকে বলেন, ‘নকিব আমাদের ১৭ বছরের পুরোনো গাড়িচালক। ফলে তিনি আমাদের সবার বিশ্বস্ত ছিলেন। তাই প্রায়ই তিনি টাকা নিয়ে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যাওয়া-আসা করতেন। অন্যদিনের মতো আজও (মঙ্গলবার) তাঁকে পণ্য বিক্রির ১৪ লাখের মতো টাকা এবং আমার বাবার পিস্তলটি নিয়ে বাড়িতে পাঠানো হয়। তিনি বাকলিয়া থানার বিপরীত পাশে আমাদের হ্যাচারি কার্যালয়ের সামনে গাড়িটি রেখে বাবাকে ফোন দেন। পরে বাবা সেখানে গিয়ে দেখেন গাড়ি আছে, কিন্তু নকিব নেই। এর পর থেকে তাঁর মোবাইল ফোনও বন্ধ রয়েছে।’কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল-মাহমুদ প্রথম আলোকে বলেন, গাড়িতে দুই থলে টাকা ও লাইসেন্স করা পিস্তল ছিল। গাড়িচালক টাকা ও অস্ত্র নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা হয়েছে।উল্লেখ্য, এমইবির চেয়ারম্যান শামসুল আলম চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি।