ব্যবসায়ীর প্রণীত প্রশ্ন ও সময়সূচিতে পরীক্ষার সত্যতা মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ে একজন বই ব্যবসায়ীর নির্ধারণ করা সময়সূচি ও প্রশ্নপত্রে এসএসসির নির্বাচনী পরীক্ষা নেওয়ার সত্যতা মিলেছে। গতকাল রোববার আলমডাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ এ কথা জানান। এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আজ সোমবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘কেনা প্রশ্ন ও বানানো সময়সূচিতে পরীক্ষা!’ শীর্ষক সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসক ভোলানাথ দে আলমডাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুস সালামকে তদন্তের নির্দেশ দেন। ইউএনওর নির্দেশে শিক্ষা কর্মকর্তা আবদুুর রশিদ সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পান। শিক্ষা কর্মকর্তা জানান, উপজেলা শিক্ষা কার্যালয় প্রণীত সময়সূচি অনুযায়ী রোববার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার কথা থাকলেও নেওয়া হয়েছে দ্বিতীয় পত্রের পরীক্ষা। অন্য বিষয়ের পরীক্ষার সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। তিনি আরও জানান, এসব বিদ্যালয়ের প্রধানকে সোমবার (আজ) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। নোটিশের জবাবের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।