ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাই
রাজধানীর মিরপুর থানার কল্যাণপুর নতুন বাজার এলাকা থেকে গতকাল সোমবার ভোরে চালককে অস্ত্র ঠেকিয়ে এক ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাই হয়েছে।পুলিশ জানায়, ছিনতাই হওয়া প্রাইভেট কারের মালিক রফিকুল ইসলাম গাজী। তিনি সাভারে গার্মেন্টস ব্যবসা করেন।যোগাযোগ করা হলে রফিকুল ইসলাম গাজী মুঠোফোনে প্রথম আলোকে জানান, তাঁর বাসা আদাবর থানার মনছুরাবাদে। গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে চালক সালাহউদ্দিন বাসা থেকে প্রাইভেট কার নিয়ে মিরপুরের পাইকপাড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে কল্যাণপুর নতুন বাজার স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তায় তিন-চারজন অস্ত্রধারী যুবক অন্য একটি প্রাইভেট কার দিয়ে সালাহউদ্দিনের গতি রোধ করে। পরে তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে ও ঘাড়ে চাপাতি দিয়ে আঘাত করে প্রাইভেট কারটি ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরও জানান, তাঁর এক বন্ধুর আয়ুর্বেদিক কারখানা পরিদর্শনের জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের এক কর্মকর্তার ময়মনসিংহে যাওয়ার কথা ছিল। ওই কর্মকর্তার বাসা মিরপুরের পাইকপাড়ায়। বন্ধুর অনুরোধে ওই কর্মকর্তাকে ময়মনসিংহে নিয়ে যাওয়ার জন্য তিনি চালকসহ গাড়িটি পাঠিয়েছিলেন।