ব্যবসায়ীর বসতভিটা দখল করলেন যুবলীগ নেতা!
ঢাকার দোহার উপজেলা যুবলীগের সভাপতির বিরুদ্ধে গতকাল সোমবার উপজেলার দক্ষিণ জয়পাড়া গ্রামে এক ব্যবসায়ীর বসতভিটা দখলের অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগী ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, উপজেলা যুবলীগের সভাপতি আলমাছ উদ্দিনের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল সকালে তাঁর বসতভিটায় হামলা চালায়। তারা তাঁর বসতভিটার আট শতাংশ জায়গা দখল করে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ করে। তাঁর বসতঘরটিও তারা ভেঙে ফেলেছে।স্থানীয় সূত্র জানায়, উপজেলার বটিয়া মৌজার দক্ষিণ জয়পাড়া গ্রামে প্রায় ২০ বছর আগে ৩১ শতাংশ জমি কিনে দেলোয়ার হোসেন সেখানে বসবাস শুরু করেন। সম্প্রতি ক্রয়সূত্রে ওই জমির আট শতাংশের মালিকানা দাবি করেন যুবলীগের নেতা আলমাছ। এ ব্যাপারে দেলোয়ার হোসেন আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে পুলিশ ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখতে উভয় পক্ষকে নোটিশ দেয়। কিন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করে গতকাল আলমাছ ওই জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে আলমাছ উদ্দিন বলেন, ‘আমিই ওই জমির মালিক।’ তাঁর ছোট ভাই হুমায়ুন আহমেদ প্রথম আলোকে বলেন, দেলোয়ার হোসেনের অভিযোগ সঠিক নয়। রাজু নামের এক ব্যক্তির কাছ থেকে ২০০৯ সালে ওই জমি কিনেছেন আলমাছ। তিনি নিজের জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন।দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বশির উদ্দিন বলেন, ‘ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে দেলোয়ার হোসেনের সঙ্গে আলমাছের বিরোধ চলে আসছে। তবে কে বা কারা ওই জমি দখল করেছে, তা আমার জানা নেই।’দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) রথীন্দ্রনাথ দত্ত বলেন, ‘ব্যক্তিগত সম্পত্তির বিষয় নিয়ে আমাদের কিছু করার নেই। তবে আদালত নির্দেশনা দিলে ব্যবস্থা নেওয়া যেতে পারে।’