ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালুমিনিয়াম ব্যবসায়ী আল আমিনের বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর রফিকুল ইসলাম (২৬), সুমন আহমেদ (২৫), বাপ্পি (২৪), জহুরুল (২৭) ও তাঁদের সহযোগী রুমা আক্তার (২০) এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁরা জানান, টাকা লুট করতেই তাঁরা আল আমিনকে খুন করেন।উপকমিশনার বলেন, খুনিচক্রের সদস্যরা জানান, আল আমিনকে আগে থেকে তাঁরা চিনতেন না। তাঁর কাছ থেকে টাকা লুট করার জন্য চক্রের সদস্য রফিকুলের মাদারটেকের ভাড়া করা বাসায় ১৭ লাখ টাকায় কাজ দেওয়ার প্রস্তাব করা হয়। এতে আল আমিন রাজি হন। মঙ্গলবার খুনিচক্র মাদারটেকের বাসায় আল আমিনকে আসতে বলে। রফিকুলের সঙ্গে তাঁর সহযোগীও ওই বাসায় ছিলেন।খুনিরা পুলিশকে জানান, খুনের পর তাঁরা আল আমিনের পকেট থেকে তাঁর স্ত্রীর নামে থাকা একটি ব্যাংকের এটিএম কার্ড নেন। ওই কার্ড ব্যবহার করে তাঁরা ব্যাংক থেকে ২০ হাজার টাকাও তুলে নেন। পরে আল আমিনের লাশ বস্তায় ভরে বাগানবাড়ি এলাকায় ফেলে দেন। এরপর গা ঢাকা দেন তাঁরা। পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল মাদারটেকের ওই বাসা থেকে হত্যায় ব্যবহূত হাতুড়ি, ওড়না ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।