ব্যবসায়ীর বাসা থেকে নগদ টাকাসহ ৬১ লাখ টাকার অলংকার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে ডাকাতেরা অস্ত্রের মুখে ব্যবসায়ী গিয়াসউদ্দিন নামে এক ব্যবসায়ীর বাসা থেকে টাকা ও ৬০ লাখ টাকার অলংকার লুট করেছে। গত মঙ্গলবার গভীর রাতে জুরাইনে এ ঘটনা ঘটে। শ্যামপুর থানা সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে সাত-আটজন সশস্ত্র ডাকাত জুরাইনের ৩৮১, খন্দকার রোডের ব্যবসায়ী হাজি গিয়াসউদ্দিনের বাড়ির দ্বিতীয় তলার রান্নাঘরের গ্রিল কেটে ভেতরে ঢোকে। টের পেয়ে ওই বাড়ির লোকজন জেগে উঠলে ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে গিয়াসের স্ত্রী লুৎফুন্নেছার কাছ থেকে চাবি নিয়ে স্টিলের আলমারি থেকে চার লাখ টাকা, ১৬৫ ভরি অলংকার, চারটি মোবাইল ফোনসেটসহ ৬১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। গৃহকর্ত্রী লুৎফুন্নেছা জানান, তাঁর ধারণা, স্থানীয় যুবকেরা এই ডাকাতির সঙ্গে জড়িত রয়েছে। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিয়া কুতুবুর রহমান চৌধুরী প্রথম আলোকে জানান, এ ব্যাপারে গিয়াসের স্ত্রী লুৎফুন্নেছা বাদী হয়ে গতকাল সন্ধ্যায় থানায় ডাকাতির মামলা করেছেন।