ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, চার লাখ টাকার মালামাল লুট
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় চাতালকল ব্যবসায়ী শাজাহানের বাড়িতে গত সোমবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল ওই বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।ডাকাতকবলিত পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার চাতলকল ব্যবসায়ী শাজাহান মিয়ার বাড়িতে গত সোমবার রাত তিনটার দিকে ১৫-১৬ জনের ডাকাত দল হানা দেয়। অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা প্রথমে ওই বাড়ির দোতলার কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢোকে। পরে ডাকাত দল দরজা ভেঙে ঘরে ঢুকে বাড়ির মালিক শাজাহান, তাঁর স্ত্রী ও ছেলে রায়হানকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে ডাকাত দলের সদস্যরা ওই বাড়ি থেকে দুই লাখ ২০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে ডাকাতেরা বাড়ির মালিক শাজাহান ও ছেলে রায়হানকে বেদম মারধর করে। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এটি ডাকাতি নয়, চুরির ঘটনা। চোরেরা ওই বাসার কলাপসিবল গেট ও দরজা ভেঙে ভেতরে ঢুকে বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুই লাখ ২০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে গেছে।