ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা দুজনকে জখম
ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর এলাকায় লুটপাটের উদ্দেশ্যে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। এ সময় সন্ত্রাসীদের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, শহরের চিহ্নিত সন্ত্রাসী বিরাসার গ্রামের হুমায়ূন কবির (৩০) ৮-১০ জন সহযোগী নিয়ে শনিবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর এলাকার ব্যবসায়ী তাজুল ইসলামের বাড়ির ফটক ভেঙে বাড়িতে প্রবেশ করে। এ সময় সন্ত্রাসীরা বাড়ির নিচতলায় তাজুলের ভাড়াটিয়া কাউসার মিয়ার ঘরে ভাঙচুর চালায়। তারা তাজুলের বাড়ির পাশের শাহেদ মিয়ার চায়ের দোকান ভাঙচুর ও শাহ আলমের মুদি দোকানে লুটপাট চালায়। সন্ত্রাসীরা চা-দোকানি শাহেদ মিয়াকে মারধর ও তাঁর ছোট ভাই মালেক মিয়াকে (৪০) কুপিয়ে জখম করে। আহত মালেক মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রব জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।