ব্যবসায়ীর বাড়িতে 'বোমা' রেখে চাঁদা দাবি
দিনাজপুরের ফুলবাড়ীতে স্বর্ণ ব্যবসায়ী অজিত প্রসাদের বাড়ির দরজায় গতকাল শনিবার বোমাসদৃশ একটি বস্তু রেখে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। টাকা না দিলে বোমা মেরে পুরো বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে চাঁদাবাজেরা। এ ঘটনার পরই হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
অজিত প্রসাদ বলেন, তাঁরা ফুলবাড়ী পৌরসভার কাঁটাবাড়ী মহল্লায় থাকেন। সকাল ছয়টার দিকে তাঁর ছোট ভাইয়ের স্ত্রী মিনতি রানী বাড়ির দরজায় ব্যাটারির গায়ে বিভিন্ন রঙের তার মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু ও একটি চিঠি দেখতে পান। চিঠিতে লেখা ছিল, শনিবার বেলা ১১টার মধ্যে দুই লাখ টাকা দিতে হবে। ফুলবাড়ী শহীদ সঞ্চৃতি আদর্শ কলেজের পাশে বাইসাইকেল নিয়ে দুজন ছেলে দাঁড়িয়ে থাকবে। সেখানে ওদের হাতে টাকা না দিলে রিমোট কন্ট্রোল দিয়ে বোমা ফাটিয়ে বাড়ি উড়িয়ে দেবে। বিষয়টি পুলিশকে জানালে পরিবারকে হত্যা করার হুমকি দেওয়া হয়।
খবর পেয়ে পৌরসভার মেয়র মো. মানিক সরকারসহ অন্য লোকজন জড়ো হয়ে থানায় খবর দেয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনাস্থলে এসে বস্তুটি উদ্ধার করে নিয়ে যান। বেলা সাড়ে ১১টায় দিনাজপুর র্যাব-১৩-এর একটি গোয়েন্দা দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
র্যাব সদস্যরা বলেন, বোমা রেখে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশে নতুন কিছু নয়। এখানে ওই চক্রটি সক্রিয় বলে মনে হচ্ছে।
ওসি রবিউল ইসলাম খান বলেন, এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা ঘটনাটি ঘটাতে পারে। বোমাটি আসল কি না পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। বোমা বিশেষজ্ঞ দলকে খবর দওয়া হয়েছে। চিঠির সূত্র ধরে সন্ত্রাসীদের আটকের চেষ্টা চলছে। মেয়র মানিক সরকার বলেন, নির্বাচনের পর ফুলবাড়ীর হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের খড়ের পালায় আগুন দেওয়া হয়। তাঁরা ভীতির মধ্যে আছেন। এবার বাড়ির দরজায় বোমা রাখার ঘটনায় আতঙ্কের মাত্রা আরও বেড়েছে। শিগগিরই দুর্বৃত্তদের ধরতে না পারলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।