ব্যবসায়ীর বিরুদ্ধে পাঁচটি মামলা, গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির অভিযোগে চট্টগ্রামের এক গাড়ি আমদানিকারকের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে আয়কর বিভাগ। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে মামলাগুলো করা হয়। মামলার আসামি মির্জা শহীদ বেগ (৩৯)। তিনি নগরের শেখ মুজিব সড়কের শহীদ এন্টারপ্রাইজ নামের একটি গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক। আদালত সূত্র জানায়, আয়কর বিভাগ তদন্ত করে গত পাঁচ বছরে মোট চার কোটি ৪১ লাখ ৭৫ হাজার ৩৪৬ টাকা আয়কর ফাঁকির প্রমাণ পেয়েছে। বিভিন্ন ব্যাংকে জমা রাখা অর্থ, প্রাপ্ত সুদের তথ্য ও অর্জিত সম্পদের তথ্য গোপন করে তিনি আয়কর ফাঁকি দেন। ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় মামলাগুলো করা হয়। আদালত মামলাগুলো গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলার বাদী চট্টগ্রাম কর অঞ্চল-১-এর অতিরিক্ত সহকারী কর কমিশনার সুধীর চন্দ্র কর্মকার প্রথম আলোকে বলেন, রাজস্ব বোর্ডের সিদ্ধান্তে এবং কর কমিশনারের নির্দেশে পাঁচটি মামলা করা হয়েছে। গত কয়েক বছরে তিনি চার কোটি টাকার বেশি আয়কর ফাঁকি দিয়েছেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে। আদালত ও কর বিভাগ সূত্র জানায়, মির্জা শহীদ বেগ ১৯৯৬-৯৭ সাল থেকে চট্টগ্রাম কর বিভাগের কর অঞ্চল-১-এর কর সার্কেল-৬-এর অধীনে একজন করদাতা। মামলায় উল্লেখ করা হয়, ২০০৬-০৭ কর বছরে মির্জা শহীদ বেগ এক কোটি ৬৭ লাখ ২৪ হাজার ৩৩৫ টাকা আয়কর ফাঁকি দেন। ২০০৭-০৮ কর বছরে এক কোটি নয় লাখ ১২ হাজার ৬৬৯ টাকা, ২০০৮-০৯ কর বছরে ১৫ লাখ ১৭ হাজার ৪৯০ টাকা, ২০০৯-১০ কর বছরে ৪০ লাখ ৯১ হাজার ১০৮ টাকা, ২০১০-১১ কর বছরে এক কোটি নয় লাখ ২৯ হাজার ৭৪৪ টাকার আয়কর ফাঁকি দেন। কর বিভাগ সূত্র জানায়, মির্জা শহীদের আয়কর বিভাগে জমা দেওয়া আয়ের বিবরণে গরমিলের বিষয়ে অভিযোগ পাওয়ার পর ২০১২ সালের ৬ মার্চ তদন্তের সিদ্ধান্ত নেয় কর বিভাগ। প্রায় এক বছর তদন্তে তিনটি বেসরকারি ব্যাংকে মির্জা শহীদ বেগের হিসাব তদন্ত করে অপ্রদর্শিত আয়ের তথ্য পায় আয়কর বিভাগ।