ব্যবসায়ীর ভাইয়ের দুই আঙুল কেটে ফেলেছে সন্ত্রাসীরা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ধোবারহাট বাজারে গত বৃহস্পতিবার রাতে একজন ব্যবসায়ীর ভাইয়ের বাঁ হাতের দুটি আঙুল কেটে ফেলেছে সন্ত্রাসীরা। পাওনা টাকার জন্য বিচারপ্রার্থী হওয়ায় এবং বাকিতে সিগারেট না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা এ ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে শ্রীমঙ্গল থানায় একটি মামলা হয়েছে।মামলা সূত্রে জানা যায়, ধোবারহাট বাজারসংলগ্ন মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা গ্রামের বাসিন্দা জুয়েল মিয়া, সুহেল মিয়া, রাসেল মিয়া, খালেদ মিয়া, লেখন মিয়া, আফজাল ও তাহির মিয়া এবং শ্রীমঙ্গল উপজেলার ধোবারহাট গ্রামের ইউনুছ মিয়াসহ আরও পাঁচ-ছয়জন সন্ত্রাসী দা, রড, লাঠি নিয়ে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ধোবারহাট বাজারে সুমন দাশ চৌধুরীর চায়ের দোকানে এসে হামলার চেষ্টা করে। এ সময় সুমন দোকানের দরজা বন্ধ করে মুঠোফোনে ভাই শিশির দাশ চৌধুরী ও বাবা শৈলেশ দাশ চৌধুরীকে বিষয়টি জানান। ফোনে খবর পেয়ে শিশির দোকানের সামনে আসামাত্র সন্ত্রাসীরা তাঁকে দা দিয়ে কোপাতে থাকে। এতে শিশিরের বাঁ হাতের দুটি আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁর বাঁ হাতের কবজির ওপরে এবং পিঠে দায়ের কোপ লাগে।বাজারের লোকজন গুরুতর অবস্থায় শিশিরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। পরে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশিরের বাবা শৈলেশ দাশ চৌধুরী বলেন, সুমনের দোকান থেকে চার হাজার টাকা বাকি খেয়েছেন জুয়েল। ওই টাকা আদায়ের জন্য তাঁকে কয়েকবার তাগাদা দেওয়া হয়েছে। পাওনা টাকার জন্য জুয়েলের বাবা তাহির মিয়ার কাছেও বিচারপ্রার্থী হয়েছিলেন সুমন। ৭ জানুয়ারি জুয়েল দোকানে এসে বাকিতে সিগারেট চান। বাকি দেবেন না জানালে সুমনকে দেখে নেওয়ার হুমকি দেন জুয়েল। বৃহস্পতিবার রাতে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে সুমনের ভাই শিশিরের ওপর হামলা করা হয়। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশিরের বাঁ হাতের দুটি আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।