ব্যবসায়ীর ভাড়া করা হেলিকপ্টারে বাগমারা সফরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক একজন ব্যবসায়ীর ভাড়া করা হেলিকপ্টারে করে রাজশাহীর বাগমারা উপজেলায় আয়োজিত এক ইসলামি জলসায় যোগ দিয়েছেন। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড প্রজেক্ট কনসালটেন্ট লিমিটেড (বিআইসিপিসিএল) নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়। এভাবে হেলিকপ্টারে করে সরকারি কর্মসূচিতে প্রতিমন্ত্রীর অংশ নেওয়ার ঘটনায় স্থানীয় লোকজন প্রশ্ন তুলেছেন।প্রতিমন্ত্রীর বাগমারা সফর প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল খায়ের মো. মারুফ হাসান জানান, গত শনিবার প্রতিমন্ত্রী সরকারি কর্মসূচির অংশ হিসেবে বালানগর ফাজিল মাদ্রাসার বার্ষিক ইসলামি জলসায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। তিনি বেসরকারি ব্যবস্থায় হেলিকপ্টারে করে বাগমারায় আসেন। তাঁর সফরসঙ্গী ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহীর চেয়ারম্যান নূরুল ইসলাম ও বিআইসিপিসিএলের চেয়ারম্যান জাহেদুর রহমান।পাইলট স্কুল মাঠে স্থানীয় সাংসদ, রাজশাহীর পুলিশ সুপার, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রতিমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীকে অভ্যর্থনা জানান। পরে তাঁরা গাড়িতে করে তিন কিলোমিটার দূরে বালানগর ফাজিল মাদ্রাসার মাঠে ইসলামি জলসায় যোগ দেন।জলসায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেছেন। অথচ আওয়ামী লীগকে ইসলামবিদ্বেষী বলে জামায়াতে ইসলামী প্রচার চালায়। জলসায় আরও বক্তৃতা করেন সাংসদ এনামুল হক, নূরুল ইসলাম, জাকিরুল* ইসলাম, মতিউর রহমান, মাহবুবুর রহমান প্রমুখ।জানা গেছে, প্রতিমন্ত্রী থাই এশিয়ান এয়ারলাইন লিমিটেডের একটি হেলিকপ্টারে করে ঢাকা থেকে রাজশাহী হয়ে বাগমারায় পৌঁছান। হেলিকপ্টার ভাড়া করা প্রসঙ্গে বিআইসিপিসিএলের চেয়ারম্যান বাগমারার বাসিন্দা জাহেদুর রহমান জানান, হেলিকপ্টারের ভাড়া হিসেবে তাঁকে এক লাখ ৮০ হাজার টাকা এবং ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হয়েছে।ইসলামি জলসার আয়োজক মাদ্রাসার অধ্যক্ষ আয়নুল হক জানান, তাঁরা হেলিকপ্টারের কোনো ভাড়া পরিশোধ করেননি। হেলিকপ্টারের ভাড়া পরিশোধকারী জাহেদুর রহমান আয়োজক কমিটি বা মাদ্রাসার কেউ নন।স্থানীয় কয়েকজন শিক্ষক ও জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, এত ব্যয় করে প্রতিমন্ত্রীর এমন সফর বাংলাদেশের মতো দরিদ্র দেশে শোভা পায় না। আর একজন ব্যবসায়ীর ভাড়া করা হেলিকপ্টারে কোনো প্রতিমন্ত্রীর কোনো কর্মসূচিতে যোগ দেওয়ার বিষয়টিও রহস্যজনক।জানা গেছে, বিআইসিপিসিএলের চেয়ারম্যান জাহেদুর রহমানের কোনো রাজনৈতিক পরিচয় না থাকলেও তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহীর চেয়ারম্যান নূরুল ইসলামের আত্মীয়। বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের রাজশাহী অঞ্চলের পরিচালনা কমিটির সঙ্গে নূরুল ইসলাম জড়িত ছিলেন। প্রতিমন্ত্রীর সফর প্রসঙ্গে জানতে চাইলে নূরুল ইসলাম বলেন, ওই দিন প্রতিমন্ত্রীর বেশ কয়েকটি কর্মসূচি ছিল। সময় বাঁচানোর জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়।হেলিকপ্টারে চড়ে বাগমারায় সফরে যাওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের বক্তব্য নেওয়ার জন্য গতকাল রাত সাড়ে নয়টার দিকে তাঁর মুঠোফানে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু প্রতিবারই ফোনটি বন্ধ পাওয়া যায়।