ব্যবসায়ীর রগ কর্তনের ঘটনায় অবশেষে মামলা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যবসায়ী আনোয়ার হোসেনের রগ কর্তনের ঘটনায় অবশেষে আদালতে মামলা হয়েছে। গত সোমবার আনোয়ার হোসেনের স্ত্রী রুহিনা আক্তার বাদী হয়ে মৌলভীবাজারের বিচারিক হাকিম ২ নম্বর আমলি আদালতে মামলাটি করেন। মামলায় শমশেরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুয়েল আহমদ ও ইউপি সদস্য ফারুক আহমদসহ নয়জনকে আসামি করা হয়েছে। জুয়েল আহমদ বলেন, ‘আমাকে হেয় করার জন্য অন্যায়ভাবে আসামি করা হয়েছে।’মামলার আরজি থেকে জানা যায়, আনোয়ার হোসেনের সঙ্গে জমি নিয়ে তাঁর ভাই রফিক মিয়ার বিরোধ চলছিল। ১৫ মে এ বিরোধ নিষ্পত্তির কথা বলে ওই ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য তাঁদের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেন। এ নিয়ে থানায় অভিযোগ ও পাল্টা অভিযোগ করা হয়। এসব অভিযোগের তদন্ত চলাকালে ২১ মে সন্ধ্যায় ওই চেয়ারম্যান ও ইউপি সদস্যের নির্দেশে আনোয়ার হোসেনের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা কুপিয়ে তাঁকে আহত করেন ও তাঁর ডান পায়ের রগ কেটে দেন। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২৩ মে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হলেও থানা কর্তৃপক্ষ অভিযোগটি গ্রহণ করেনি। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহার রঞ্জন নাথ জানান, কাগজপত্র আসার পর আদালতের নির্দেশমতো আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ২১ মে রাতেই এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। এ মামলায় উভয় পক্ষের দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।