ব্যবসায়ীর লাশ ফেরত দিল বিএসএফ
ভারতের কোচবিহারে পিটুনিতে মারা যাওয়া আমিনুর ইসলাম নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বৃহস্পতিবার উপজেলার বুড়িমারী স্থলবন্দরে জিরো পয়েন্ট এলাকা দিয়ে লাশটি হস্তান্তর করা হয়।
কোচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমার সদর থানা ও কুচলিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমিনুরের লাশ পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আকিকুর রহমানের কাছে হস্তান্তর করেন। এ সময় সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বুড়িমারী ক্যাম্পের কমান্ডার সুবেদার আবদুল হামিদ ও বিএসএফ চেংড়াবান্ধা ক্যাম্পের কমান্ডার বীর পাল সিং উপস্থিত ছিলেন।
পাটগ্রাম থানার এসআই আকিকুর রহমান জানান, আমিনুরের লাশ তাঁর বাবা পাটগ্রামের তেলিপাড়া গ্রামের বাসিন্দা আবদুল লতিফের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত বুধবার আমিনুরসহ সাত-আটজন গরু ব্যবসায়ী কোচবিহারের মেকলিগঞ্জ মহকুমার গোলাপাড়া গ্রামে গরু আনতে যান। এ সময় ওই গ্রামের বাসিন্দারা গরু চোর সন্দেহে আমিনুরকে পিটিয়ে হত্যা করে লাশ সীমান্তের পূর্ব হিমকুমারী এলাকায় ফেলে রাখে। পরে বিএসএফ পূর্ব হিমকুমারী ক্যাম্পের সদস্যরা লাশটি ময়নাতদন্তের জন্য মেকলিগঞ্জ মহকুমার সদর হাসপাতালে পাঠান।