ব্যবসায়ীর ১৪ লাখ টাকা ছিনতাই দুজনকে গণধোলাই
নারায়ণগঞ্জ শহরের পাইকারি ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জে গতকাল শনিবার রাতে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১৪ লাখ টাকা ও ভোজ্যতেলের ১০০টি ও ময়দার ২০টি ডিও লেটার ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ সময় আশপাশের লোকজন ছুটে গিয়ে মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে আটক করে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে অপর মোটরসাইকেলের আরোহী দুই ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে গেছে। গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলো মুন্সিগঞ্জের গজারিয়া এলাকার রাজু ও ঢাকার লালবাগ এলাকার জাহিদ। জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টায় শহরের নিতাইগঞ্জের ঋষিপাড়া এলাকার ৫ নম্বর আর কে দাস রোড এলাকার আশা ট্রেডার্সে মোটরসাইকেল আরোহী চার ছিনতাইকারী হানা দেয়। ছিনতাইকারীরা ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ বাক্সে থাকা ১৩ লাখ ৮০ হাজার টাকা ও ভোজ্যতেলের ১০০টি ও ময়দার ২০টি ডিও লেটার ছিনতাই করে নিয়ে যায়। এ সময় ব্যবসায়ী মোহাম্মদ আলীর চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে মোটরসাইকেলসহ (ঢাকা মেট্রা-ল-১৩-১৯৯৯) দুই ছিনতাইকারীকে আটক করে। অপর দুই ছিনতাইকারী মোটরসাইকেলযোগে পালিয়ে যেতে সক্ষম হয়।