ব্যবসায়ীর ৪০ লাখ টাকা ছিনতাই, বাধা দিতে গিয়ে ছুরিকাহত ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর ৪০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বাধা দিতে গিয়ে ওই ব্যবসায়ীর দুই সহযোগী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। গতকাল রোববার ভুলতা সাওতাঘাট বেবিট্যাক্সি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম শাহ আলম ভূঁইয়া। তিনি আড়াইহাজার উপজেলার কালীবাড়ী বাজারে মেসার্স শাহ আলম ট্রেডার্সের মালিক। শাহ আলম গতকাল প্রথম আলোকে বলেন, দুপুরে তিনি তাঁর সহযোগী আবুল খায়ের ও রানা আহমেদকে নিয়ে রূপগঞ্জ উপজেলার ভুলতায় অবস্থিত ব্র্যাক ব্যাংকে যাচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে ৪০ লাখ টাকা ছিল। পথে বেবিট্যাক্সি স্ট্যান্ড এলাকায় দুটি মোটরসাইকেলে করে আসা পাঁচজন ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। তারা অস্ত্রের মুখে তাঁর টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। বাধা দিলে আবুল খায়ের ও রানা আহমেদকে ছুরিকাঘাত করে তারা। পরে ছিনতাইকারীরা টাকা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে নরসিংদীর দিকে পালিয়ে যায়। আহত দুজনকে স্থানীয় আল রাফি হাসপাতালে ভর্তি করা হয়েছে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।